অভিনেত্রীকে শ্লীলতাহানির মামলায় জেল, যে শর্তে জামিন পেলেন নির্মাতা
রঞ্জিত বালাকৃষ্ণন। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২০:৪৫ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ২০:৪৬
এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হওয়া মালয়ালম সিনেমার পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন কেরালার একটি ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এল. ঊষা পরিচালকের শারীরিক অসুস্থতা এবং তদন্তের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই জামিন মঞ্জুর করেন।
গত ৩১ মার্চ এক অভিনেত্রীর দায়ের করা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তাকে জেল হেফাজতে নেয় পুলিশ। ১৪ দিন পর জামিন পেলেও তাকে ১ লক্ষ টাকার বন্ড জমা দিতে হয়েছে এবং আগামী তিন মাস বা চার্জশিট জমা না হওয়া পর্যন্ত প্রতি সোমবার তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের পক্ষ থেকে রঞ্জিতের ওপর আরও কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
জামিনের শর্ত অনুযায়ী, তিনি এর্নাকুলাম জেলার বাইরে যেতে পারবেন না এবং ফোর্ট কোচিতে যেখানে ছবির শুটিং চলাকালীন ওই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ, সেই নির্দিষ্ট স্থানেও প্রবেশ করতে পারবেন না।
এছাড়াও আদালত তার পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে। যদিও প্রসিকিউশন পক্ষ থেকে দাবি করা হয়েছিল তিনি তদন্তে সহযোগিতা করছেন না, তবে বিবাদীপক্ষের আইনজীবী সমস্ত অভিযোগ অস্বীকার করে তাঁর মক্কেলের নির্দোষ হওয়ার দাবি জানান।
২৮ মার্চ এক অভিনেত্রী পুলিশের কাছে অভিযোগ করেন, শুটিং চলাকালীন রঞ্জিত তাকে বাসভবনে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন ও অশ্লীল অঙ্গভঙ্গিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। এরপর একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ ইদুক্কি জেলা থেকে তাকে গ্রেফতার করে। সূত্র: দ্য ওয়াল
