ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভয় দেখানো নয়, সালমানকে হত্যার লক্ষ্যেই গুলি, আদালতে দেহরক্ষী

ভয় দেখানো নয়, সালমানকে হত্যার লক্ষ্যেই গুলি, আদালতে দেহরক্ষী
×

সালমান খান। ছবি:সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৪:৫৮ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৫:০৬

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ২০২৪ সালের এপ্রিলের সেই বহুল আলোচিত হামলাটি শুধুই ভয় দেখানোর উদ্দেশ্যে ছিল না—বরং সরাসরি হত্যার চেষ্টা। এমনটাই আদালতে জানিয়েছেন তার দেহরক্ষী।

মুম্বাইয়ের একটি বিশেষ আদালতে চলমান এই মামলায় সম্প্রতি সাক্ষ্য দেন সালমানের দেহরক্ষী। যিনি একই সঙ্গে এই মামলার বাদীও। তার জবানবন্দি ইতোমধ্যে মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, দেহরক্ষী আদালতে ১৪ এপ্রিল ২০২৪ ভোরে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল সন্ধ্যা থেকেই তিনি দায়িত্বে ছিলেন। গ্যাংস্টার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কারণে তখন সালমান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ভোর আনুমানিক ৪টার দিকে হঠাৎ পটকা ফাটার মতো শব্দ শুনতে পান তারা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট পরা দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দিকে লক্ষ্য করে গুলি ছুড়ছে। দেহরক্ষীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

আদালতে উপস্থাপিত সিসিটিভি ফুটেজ দেখার পর দেহরক্ষী হামলাকারীদের শনাক্ত করেন। জানা গেছে, তারা ‘আই লাভ বান্দ্রা’ পয়েন্ট ও মেহবুব স্টুডিও রোডের দিকে পালিয়ে যায়।

দেহরক্ষী তার সাক্ষ্যে স্পষ্টভাবে বলেন, ‘এটি কোনো সতর্কবার্তা ছিল না, বরং সালমান খানকে সরাসরি হত্যা করার চেষ্টা।’ তিনি আরও জানান, ঘটনার সময় সালমান খান ভবনের দ্বিতীয় তলায় নিজের শয়নকক্ষে ছিলেন।

এদিকে, মামলার আরেকজন সাক্ষী আদালতকে জানান, তিনি গুলি চালানোর দৃশ্য না দেখলেও ঘটনাস্থলের কাছাকাছি কার্তুজের খোসা পড়ে থাকতে দেখেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ভিকি গুপ্তা ও সাগর পাল মোটরসাইকেলে এসে গুলি চালায়। আর মোহাম্মদ রফিক সরদার চৌধুরী হামলার দুই দিন আগে ঘটনাস্থল রেকি করে সেই ভিডিও আনমল  বিষ্ণোইয়ের   কাছে পাঠিয়েছিলেন।


 

আরও পড়ুন

×