মাদ্রাসা পড়ুয়া তরুণীর গেমিংয়ে আসক্তি নিয়ে তিন মিনিটের নাটক
‘সিলভার সাদিয়া’ নাটকের দৃশ্য।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১২:৩০
দেশের ডিজিটাল কনটেন্ট জগতে নতুন ধারা নিয়ে আসছে মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। মাত্র তিন মিনিট দৈর্ঘ্যের ১৫টি পর্বে নির্মিত এই সিরিজটি ইতোমধ্যেই কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে। সম্প্রতি সিনেমাওয়ালার ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে এর ট্রেলার। সিরিজটি পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস।
জানা গেছে, ‘সিলভার সাদিয়া’ মূলত অ্যাডকম লিমিটেডের ৩৬০ ডিগ্রি ফুল-সার্ভিস কনটেন্ট-ড্রিভেন একটি প্রজেক্ট। এতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে।
গল্পের কেন্দ্রে রয়েছে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের এক মাদ্রাসাপড়ুয়া তরুণী। বাইরে থেকে সাধারণ জীবনযাপন করলেও ভেতরে ভেতরে সে গড়ে তোলে গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থনে একসময় ইউটিউবে লাইভস্ট্রিমিং শুরু করে সে। ধীরে ধীরে তৈরি হয় তার নিজস্ব দর্শকগোষ্ঠী। কিন্তু গোপন সেই পরিচয় পরিবারের সামনে প্রকাশ পেতেই শুরু হয় টানাপোড়েন। পরিবার, স্বপ্ন, সম্পর্ক আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার সংগ্রাম—সব মিলিয়ে এগিয়ে যায় ‘সিলভার সাদিয়া’র গল্প।
নির্মাতা মিরাজ হোসেন জানান, বর্তমান দর্শকদের দ্রুত বদলে যাওয়া দেখার অভ্যাসকে মাথায় রেখেই এই মাইক্রো ড্রামা ফরম্যাটে কাজটি নির্মাণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে আবেগ, দ্বন্দ্ব ও বিনোদনের সমন্বয়ে গল্প বলার এই প্রয়াসকে তিনি সময়োপযোগী বলেও মনে করেন।
অন্যদিকে অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, “এই প্রজেক্টের অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত। ছোট ছোট পর্বে এত সুন্দরভাবে গল্প বলার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
সিরিজটির প্রযোজক নাজিম ফারহান চৌধুরী এবং সহপ্রযোজক ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন পুলক অনিল।
- বিষয় :
- নতুন নাটক
