আইনি জটিলতায় আটকে থাকা বিজয়ের শেষ সিনেমা নিয়ে যা জানা গেল
‘জন নায়াগান’ সিনেমার পোস্টার থালাপতি বিজয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৬:১৩ | আপডেট: ১১ মে ২০২৬ | ১৮:০৪
দক্ষিণ ভারতের তারকা থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রে সিনেমাটি। ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা আটকে যায়। তামিল রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করার পর এবার বড় পর্দাতেও ‘জন নায়াগান’ হিসেবে আসতে চলেছেন বিজয়।
রোববার শপথগ্রহণের দিনই সিনেমা মুক্তি নিয়ে ইঙ্গিত দেন প্রযোজক। জানান, সব ঠিক থাকলে আগামী দু’সপ্তাহের মধ্যেই মুক্তি পেতে পারে এই বহু প্রতীক্ষিত সিনেমা। তামিলনাড়ুর রাজনৈতিক আবহ এখন বিজয়ের অনুকূলে—তাই এই সময়টাকেই সিনেমার জন্য আদর্শ মনে করছেন নির্মাতারা।
মূলত জানুয়ারি মাসের শুরুতে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনে (সিবিএফসি) জমা পড়লে কয়েকটি দৃশ্য কাটছাঁটের নির্দেশনা দেওয়া হয়। এ শর্তে সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়। কিন্তু হঠাৎ সার্টিফিকেশনের প্রক্রিয়া থামিয়ে নতুন করে গঠিত কমিটির কাছে সিনেমাটি রিভিউর জন্য পাঠানো হয়। এরপরই প্রযোজকেরা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। আইনি জটিলতায় সিনেমাটি আর মুক্তি পায়নি।
প্রযোজনা সংস্থা কেভিএন-এর প্রতিষ্ঠাতা বেঙ্কট কে নারায়ণ জানিয়েছেন, সিনেমার ছাড়পত্রের জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে।
তিনি বলেন, ‘বড় ধরণের আপত্তিকর বিষয় না থাকার পরও সিনেমাটি আটকে রাখা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সিনেমাটি ভারতসহ বিশ্বব্যাপী মুক্তির চেষ্টার করছি। সব প্রক্রিয়া শেষের পথে, আমরা ভীষণ আশাবদী।’
নির্বাচনের আগেই বিজয় জানিয়েছিলেন, এটি তাঁর অভিনয় জীবনের শেষ সিনেমা হতে পারে। ভবিষ্যতে তিনি পুরোপুরি রাজনীতিতেই মন দিতে চান। প্রযোজকও সেই ইঙ্গিতই দিয়েছেন—এই সিনেমা যেন তার ক্যারিয়ারের এক যুগান্তকারী মোড়।
তবে পথটা একেবারে মসৃণ ছিল না। নির্বাচনের আগে ব্যক্তিগত ও পেশাগত নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। তবুও সব বাধা পেরিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পুরো টিম।
এরই মধ্যে সিনেমাটি অবৈধভাবে অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ঘটনাও সামনে আসে। এই ঘটনায় এক ফ্রিল্যান্স সহকারী সম্পাদকসহ কয়েক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সব মিলিয়ে জন নায়াগান এখন শুধুই একটি সিনেমা নয়—এটি বিজয়-এর তারকা থেকে রাজনৈতিক নেতায় উত্তরণের এক প্রতীক হয়ে উঠেছে।
‘জন নায়াগান’ সিনেমায় থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি, সুনীলসহ অনেকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- থালাপতি বিজয়
