‘দ্য রয়্যালস ২’ থেকে কেন বাদ পড়লেন ভূমি
ভূমি পেডনেকার। ছবি: ইন্সটাগ্রাম
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ১২:৫৩ | আপডেট: ১২ মে ২০২৬ | ১২:৫৪
নেটফ্লিক্সের আলোচিত ও দর্শকনন্দিত ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’ ফিরছে নতুন মরসুম নিয়ে। তবে ‘দ্য রয়্যালস সিজন ২’-এর পর্দায় আর দেখা যাবে না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকারকে। তাঁর অনুপস্থিতির খবরটি ইতোমধ্যেই বলিউডে আলোচনার ঝড় তুলেছে। কেন বাদ পড়লেন ভূমি? গল্পের চরিত্রে নাকি অন্য কোনো কারণ? উঠে আসছে নানা প্রশ্ন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রথম সিজনের প্রেম-আবেগের গতিপথ থেকে দ্বিতীয় কিস্তিতে বড়সড় টার্ন নিচ্ছে সিরিজটির উপজীব্য। ‘দ্য রয়্যালস সিজন ২’ আর কেবল রোমান্সের কাঁধে ভর করে এগোবে না; বরং গভীরে প্রবেশ করবে রাজপরিবারের ইতিহাসের বিষয়গুলো। দর্শকদের সামনে তুলে ধরা হবে রাজপরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েন, সিংহাসন ও ক্ষমতার দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন এবং সেই চাকচিক্যময় অথচ রহস্যময় অভিজাত জগতের নানা অজানা অধ্যায়।
প্রথম সিজনে ভূমি পেডনেকার অভিনীত চরিত্রটি ছিল প্রেমের আখ্যানের অপরিহার্য এক সূত্র। কিন্তু দ্বিতীয় সিজনের গল্পের প্রয়োজনে সেই রোমান্টিক গল্পটি গুরুত্ব হারাচ্ছে। নির্মাতারা আপাতত অসমাপ্ত প্রেমের গল্পটিকে আর এগিয়ে নিতে চাননি বলেই জানা যাচ্ছে। বরং দর্শকদের আগ্রহের জায়গাটি চিহ্নিত করে তারা তৈরি করছেন বড় পরিসর, যেখানে ব্যক্তির প্রেমের চেয়ে বড় হয়ে উঠবে শাসন, ঐতিহ্য ও প্রতিদ্বন্দ্বিতার অগ্নিপরীক্ষা।
একাধিক সিরিজ সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভূমির সরে যাওয়ার পেছনে কোনো ব্যক্তিগত বিরোধ বা পেশাদার দ্বন্দ্ব নেই। কোনো জটিলতা নয়, শুধু গল্পের স্বাভাবিক বিবর্তন ও চরিত্রের প্রয়োজনীয়তাই এই সিদ্ধান্তের কারণ। তবে সিনেপ্রেমীরা জানেন, ‘দ্য রয়্যালস’-এর পর্দায় তারা ভূমিকে প্রথম সিজনে অসাধারণ দক্ষতায় প্রাণ দিয়েছিলেন। এখন তাঁর অভাব অবশ্যই মুহূর্তে টের পাওয়া যাবে।
প্রসঙ্গত, সিরিজটি মুক্তির পর ভূমি তাঁর অভিনীত চরিত্র নিয়ে বেশ ট্রলিংয়ের শিকার হয়েছিলেন। তাঁর চরিত্র, সংলাপ, এমনকি সূক্ষ্ম অভিব্যক্তিও নেতিবাচক মন্তব্যের শিকার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তা স্বীকার করেছেন ভূমি।
তিনি জানান, ‘অত্যধিক ট্রলিং আমাকে সৃজনশীল কাজ থেকে মনোযোগ সরিয়ে নিতে বাধ্য করেছিল। সেই সময় নিজের ওপর আস্থা রাখা কঠিন হয়ে গিয়েছিল।’
ভূমি এগোতে চান ভিন্ন এক পথে। ভূমি এখন জটিল চরিত্রে অভিনয় করতে আগ্রহী, যেখানে শুধু গ্ল্যামার নয়; বরং অভিনয়ে থাকবে গভীর নাটকীয়তা ও চ্যালেঞ্জ। ইতোমধ্যেই তিনি ইয়ামি গৌতমের ‘হক’ সিনেমার নির্মাতাদের সঙ্গে একটি কোর্টরুম ড্রামার বিষয়ে আলোচনা করেছেন। পাশাপাশি, অভিনেতা ইমরান খানের সঙ্গেও তাঁর একটি নতুন নেটফ্লিক্স প্রকল্পের সম্ভাবনা জোরালো হয়েছে। অর্থাৎ, ‘দ্য রয়্যালস’ তাঁকে হারালেও ভূমির ক্যারিয়ারের পালে ভরেছে নতুন সম্ভাবনার হাওয়া।
- বিষয় :
- ভূমি পেড়নেকর
