ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

যুবশক্তি নেতার বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ

যুবশক্তি নেতার বিরুদ্ধে  রাস্তা বন্ধের অভিযোগ
×

সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি গ্রামের একটি বাড়িতে গতকাল বুধবার হামলা চালিয়ে ভাঙচুর করেন যুবশক্তির নেতা ও তাঁর লোকজন- সমকাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:৩৮

| প্রিন্ট সংস্করণ

সোনারগাঁয়ে জাতীয় যুবশক্তির এক নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে অনিক খাঁন সিয়াম নামের ওই নেতা টিনের বেড়া  দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। এর প্রতিবাদ করায় গতকাল বুধবার সকালে প্রতিবেশীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
জানা যায়, সোনারগাঁ পৌরসভার ফতেকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে অনিক খাঁন সিয়াম নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ন সদস্য সচিব। তাঁর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী তাইজুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 

এ নিয়ে তাইজুল ইসলাম গত ২ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে মামলা করেন। এর জেরে গত মঙ্গলবার রাতে সিয়ামের লোকজন বাড়ির পাশের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন। 
গতকাল সকালে রাস্তা বন্ধ দেখে প্রতিবাদ করায় সিয়ামের নেতৃত্বে সিরাজ মিয়া, রমিজ মিয়া, পিয়ার আলী, সুমনসহ ১০-১২ জনের একটি দল রামদা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তাইজুলের ভাতিজা আবুল বাশারের দুটি ঘর ভাঙচুর ও জিনিসপত্র লুটপাট করে। 

পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
ফতেকান্দি গ্রামের তমিজউদ্দিন জানান, সিয়াম রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি হালটে বাড়িঘর নির্মাণ করে রেখেছেন। পাশের বাড়ির সঙ্গে সীমানা নিয়ে দ্বন্দ্ব, এর জেরে তিনি সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে এ পথ দিয়ে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। 

তিনি আরও বলেন, বর্তমানে সিয়াম এলাকায় এনসিপির প্রভাব খাটিয়ে এসব করছেন। প্রতিবাদ করলেই মামলা ও হামলার ভয় দেখান। 
ফতেকান্দি গ্রামের আরেক বাসিন্দা সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তা দিয়ে গ্রামের মানুষের চলাচল। হঠাৎ প্রভাব খাটিয়ে সিয়াম রাস্তাটি বন্ধ করে দেন। গ্রামের মানুষ রাস্তা খুলে দেওয়ার অনুরোধ করলেও তা মানেননি। 

গ্রামবাসীর দাবি, অনিক খাঁন সিয়াম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর পরিচয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজি করে আসছেন। 
পরে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠন যুবশক্তিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। পার্শ্ববর্তী প্রেমের বাজার এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকারও হয়েছেন তিনি। 
ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, বাড়ির সীমানা নিয়ে অনিক খাঁন সিয়ামের পরিবারের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। কিন্তু মানুষের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অধিকার তাঁর নেই। এ নিয়ে প্রতিবাদ করায় আমার ভাতিজা আবুল বাশারের দুটি ঘর ভাঙচুর ও লুটপাট করে সিয়াম ও তাঁর লোকজন। 
অভিযুক্ত নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির যুগ্ন সদস্য সচিব অনিক খাঁন সিয়ামের 
সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। রাস্তা বন্ধ বা বাড়িঘর ভাঙচুরের সঙ্গে তিনি জড়িত নন বলে 
দাবি করেন। 

নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ বলেন, বিষয়টি মনে হয় তাঁর ব্যক্তিগত সমস্যা। এ ঘটনায় তিনি দোষী প্রমাণিত হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হলে আমাদের রাজনৈতিকভাবে আপত্তি থাকবে না। 
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, গতকাল বুধবার সকাল ৭টার দিকে ৯৯৯-এ একটি পরিবার পুলিশের সহযোগিতা চেয়েছিল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×