শূন্যরেখায় জড়ো করা লোকজন সরিয়ে নিয়েছে বিএসএফ
যশোর অফিস
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:২৯
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে বেনাপোলের সাদীপুর সীমান্তের শূন্যরেখায় জড়ো করা ১০-১২ জনকে গতকাল বুধবার ভোরে সরিয়ে নিয়ে গেছে বিএসএফ। সকালে বিজিবি ড্রোন উড়িয়ে তাদের উপস্থিতি দেখতে পায়নি।
গত রোববার রাতে সাদীপুর সীমান্ত-সংলগ্ন ভারতের হরিদাসপুর এলাকায় কয়েকটি ট্রাকে দেড় শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। পরে সীমান্তের সার্চলাইট নিভিয়ে নারী-পুরুষ-শিশুসহ প্রায় ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যদের বাধার মুখে পিছু হটে বিএসএফ। জড়ো করা লোকজন এই কদিন শূন্যরেখায় আটকে থাকে।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দ্বিপক্ষীয় প্রক্রিয়া ও প্রচলিত নিয়ম অনুসরণ করে কাউকে ফেরত পাঠানো হলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো নিয়ম না মেনে কাউকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে সীমান্তের কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন এবং গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মহিউদ্দীনের ভাই ইশারাত আলী বলেন, কয়েক মাস আগে মহিউদ্দিন ও মো. শাহীন কাজের সন্ধানে ভারতে যান। তারা কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে গিয়ে সেখানে রাজমিস্ত্রির কাজ করছিলেন। গত বুধবার রাতে তারা দেশে ফেরার চেষ্টা করেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুজন গুলিবিদ্ধ হন। সকালে খবর পেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলিতে দুজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।
তবে নীলডুমুর-১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শারিয়ার হোসেন বলেন, কালীগঞ্জ উপজেলার বাঁশঝাড়িয়া সীমান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কোন সীমান্তে ঘটনাটি ঘটেছে, এখনও অস্পষ্ট।
বিজিবির বাধায় জয়পুরহাটে সীমান্তে বেড়া দিতে পারেনি বিএসএফ
জয়পুরহাট প্রতিনিধি জানান, আন্তর্জাতিক আইন অমান্য করে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্বউচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখা ঘেঁষে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইনের তোয়াক্কা না করে ১৫০ গজের মধ্যে বেড়া দিচ্ছিল তারা। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে বিজিবির একটি টহল দল গিয়ে বাধা দেয়। বিএসএফ সদস্যরা বাধা উপেক্ষা করলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হয়।
এক পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএসএফ।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও জয়পুরহাট-২০ বিজিবির ক্যাম্প কমান্ডার মো. সাত্তার হোসেন বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘটনা সত্য। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বিস্তারিত বলা যাবে না।
বক্তব্য নেওয়ার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারীর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
- বিষয় :
- বিএসএফ
