ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দিল্লিতে সেরা সিনেমা ঢাকার ‘মানুষের বাগান’

দিল্লিতে সেরা সিনেমা ঢাকার ‘মানুষের বাগান’
×

‘মানুষের বাগান’ সিনেমার পোস্টার।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৬ | ১৫:০১

আবারও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার সাফল্য। নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ জিতে নিয়েছে ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ‘বেস্ট ফিচার ফিল্ম অন সোশ্যাল সাবজেক্ট’ পুরস্কার।

গত ১৯ মে ভারতের নয়াদিল্লি-তে অনুষ্ঠিত উৎসবের পোস্ট ক্লোজিং অ্যাওয়ার্ড সেরিমনিতে ছবিটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমান।

ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এ আয়োজিত এ উৎসবে ‘মানুষের বাগান’-এর স্বীকৃতিকে বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত এক দশকে বাংলাদেশের তরুণ নির্মাতারা কান, বুসান, টরন্টো ও রটারডামের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের নির্মাণভাষা ও গল্প বলার ধরনে আলাদা পরিচিতি তৈরি করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন হলো ‘মানুষের বাগান’।

মানুষের ভেতরের একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বিভাজন ও মানসিক ভাঙনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের অদৃশ্য সংকটকে কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন নির্মাতা। ধীরগতির ভিজ্যুয়াল ভাষা, নীরবতার ব্যবহার এবং আবহ নির্মাণে সিনেমাটি বিশেষ মাত্রা পেয়েছে বলেও মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।

সিনেমাটিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ প্রামাণিক, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন ও অর্চিতা স্পর্শিয়া-সহ আরও অনেকে।

এর আগে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া ‘পেয়ারার সুবাস’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। ফলে ‘মানুষের বাগান’-এর এই আন্তর্জাতিক স্বীকৃতিকে নির্মাতার চলচ্চিত্রযাত্রার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

×