ফের বিয়ে করছেন জেনিফার, পাত্র সিঙ্গাপুরের ব্যবসায়ী
ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৬:২৩ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৬:৩৪
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। গত কয়েক মাস ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছিল। এবার ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিঙ্গাপুরের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, জেনিফারের হবু স্বামীর নাম ইসমাইল উইলিয়াম। তিনি সিঙ্গাপুরভিত্তিক একজন ব্যবসায়ী। ইতোমধ্যে দুজনের বাগদানও সম্পন্ন হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি জেনিফার।
অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জেনিফার ও উইলিয়াম নিজেদের সম্পর্ক নিয়ে বেশ সুখী। ভ্রমণের সময় উইলিয়াম অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দেন এবং জেনিফার সেই প্রস্তাবে সম্মতি জানান। এরপর থেকেই তারা বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সূত্রটি আরও জানিয়েছে, খ্রিস্টান ধর্মীয় রীতি অনুসরণ করেই বিয়ে করতে পারেন এই যুগল। তবে বিয়ের দিনক্ষণ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। সেপ্টেম্বর-অক্টোবরে বিয়ের সম্ভাবনা থাকলেও তা ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতেও গড়াতে পারে।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বিষয়টি ইতোমধ্যে জেনিফারের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের অনেকেই জানেন। বলিউড তারকা দম্পতি জেনেলিয়া ডি’সুজা দেশমুখ ও রিতেশ দেশমুখও এই বিয়ের বিষয়ে অবগত রয়েছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেনিফার উইংগেট। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দিল মিল গয়ে’র সেটে পরিচয় থেকে তাদের প্রেমের শুরু। ২০১২ সালে বিয়ে করলেও দুই বছর পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৬ সালে বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন করণ সিং গ্রোভার।
উল্লেখ্য, ‘বেহাদ’, ‘বেপানাহ’, ‘সরস্বতীচন্দ্র’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ভারতীয় টেলিভিশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন জেনিফার উইংগেট। তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহও বরাবরই তুঙ্গে থাকে। তবে নতুন বিয়ের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা। সূত্র: পিঙ্ক ভিলা
- বিষয় :
- বিনোদন খবর
