ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

টরন্টোতে অর্ণব লাইভ, গাইবেন সুনিধিও

টরন্টোতে অর্ণব লাইভ, গাইবেন সুনিধিও
×

অর্ণব ও সুনিধি। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ১২:৫০

আবারও আন্তর্জাতিক মঞ্চে গান শোনাতে প্রস্তুত সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। বাংলা গানের এই নন্দিত শিল্পী আগামী আগস্টে তাঁর ব্যান্ড সদস্যদের নিয়ে কানাডা সফরে যাচ্ছেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে টরন্টো শহরে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে একটি বিশেষ কনসার্ট। যেখানে অর্ণব পরিবেশন করবেন তাঁর শ্রোতাপ্রিয় গানগুলো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৮ আগস্ট ২০২৬ কানাডার টরন্টো শহরের টরন্টো প্যাভিলিয়ন-এ অনুষ্ঠিত হবে এই কনসার্ট। অনুষ্ঠানের দরজা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায় এবং মূল পরিবেশনা শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

এই সফরে অর্ণবের সঙ্গে মঞ্চে থাকছেন তাঁর দীর্ঘদিনের সংগীতসঙ্গীরা। তারা হচ্ছেন সুনিদি, বেইজ গিটারে বুনো, বাঁশিতে রাহিন এবং পারকেশনে শুভ। তাদের সমন্বয়ে সাজানো পরিবেশনায় অর্ণবের পরিচিত গানগুলো নতুন আবহে উপস্থাপিত হবে বলে আশা করছেন ভক্তরা। ব্যান্ডের সদস্যদের পারফরম্যান্স এবং লাইভ মিউজিকের সমন্বয় কনসার্টটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।

বাংলাদেশে যেমন অর্ণবের গানের একটি নিবেদিত শ্রোতাগোষ্ঠী রয়েছে, তেমনি কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের কাছেও তিনি সমান জনপ্রিয়। তাঁর গাওয়া ‘সে যে বসে আছে’, ‘হোক কলরব’, ‘তোমার জন্য’, ‘শুনতে কি চাও’সহ অসংখ্য গান প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। ফলে টরন্টোর এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, কনসার্টটি শুধু একটি সংগীতানুষ্ঠান নয়; বরং প্রবাসে বাংলা গান ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হবে। অর্ণবের কণ্ঠে পরিচিত গানগুলোর পাশাপাশি দর্শকদের জন্য থাকতে পারে কিছু বিশেষ চমকও।

উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের নিজস্ব এক ধারা তৈরি করেছেন অর্ণব। আধুনিক, লোকধর্মী ও বিকল্প ধারার সংগীতকে অনন্যভাবে মিশিয়ে তিনি গড়ে তুলেছেন স্বতন্ত্র একটি সংগীত ভুবন। সেই ধারাবাহিকতায় কানাডা সফরও তাঁর আন্তর্জাতিক সংগীতযাত্রার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে।
 

আরও পড়ুন

×