মহাকাশে প্রেম নিয়ে ‘লিম্বো’, ৭ বছর পর নতুন সিনেমার ঘোষণা অংশুর
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৪:৫৭
প্রায় সাত বছর আগে মুক্তি পেয়েছিল ‘ন ডরাই সিনেমা। ২০১৯ সালের ২৯ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক ছিলেন তানিম রহমান অংশু। সিনেমাটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কারও পায়। এর আর আর নতুন কোনো সিনেমা নির্মাণে দেখা যায়নি অংশুকে। তবে নিয়মিত পরিচালনা করেছেন নাটক, ওয়েব কন্টেন্ট ও বড় আয়োজনের মিউজিক ভিডিও।
গেল ঈদেও অংশুর নির্মাণে মুক্তি পায় অপূর্ব নাজনীন নীহা অভিনীত ‘অচেনা আমি’, কণ্ঠশিল্পী বালামের গাওয়া ‘মাওলা’ শিরোনামের মিউজিক ভিডিও ও স্বপ্নের বিজ্ঞাপন। তবে সিনেমা নির্মাণের কোনো খবর দিতে পারছিলেন না। ঈদের রেশ কাটতে না কাটতেই এই নির্মাতা এবার নতুন সিনেমার খবর দিলেন। জানালেন, এইবার মহাকাশে প্রেমের গল্প নিয়ে একটা সিনেমা বানাবেন তিনি। নাম ‘লিম্বো’।
১৬ জুন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। প্রকাশিত পোস্টারে দেখা যায় দুটি হাত, যার একটি মেহেদী রাঙানো। পোস্টারের নকশা ও আবহ রহস্যময় হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
পোস্টারের সঙ্গে অংশু লিখেছেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়...’
নির্মাতা জানিয়েছেন, ২০২৭ সালে মুক্তি পাবে ‘লিম্বো’। তবে সিনেমাটির গল্প, অভিনয়শিল্পী কিংবা নির্মাণসংক্রান্ত অন্য কোনো তথ্য এখনই প্রকাশ করেননি তিনি।
সিনেমাটি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয়ে অংশুর সঙ্গে। সমকালকে তিনি বলেন, এটি মূলত বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর (সায়েন্স ফিকশন) চলচ্চিত্র। মহাকাশের গল্প নিয়ে আমাদের দেশে সিনেমা হয়নি। আমি তাই এই পরিকল্পনাই করছি। তবে গল্পটি পুরোপুরি প্রেমের। গল্পের সবই ঘটবে একটা স্পেসে। আপাতত সিনেমাটির গল্প রেডি হচ্ছে। একই সঙ্গে চলছে প্রি-প্রডাকশনের কাজ। দেশ ও দেশের বাইরে শুটিংয়ের পরিকল্পনা আছে। আমার বিশ্বাস শিগগিরই সিনেমাটি নিয়ে শুটিংয়ে নামতে পারব।
- বিষয় :
- নতুন সিনেমা
