ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকা জেলায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪১

ঢাকা জেলায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪১
×

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৫:২৪ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৫:২৬

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ৭৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ডাকাত, ছিনতাইকারী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চোরাই মালামাল ও যানবাহনও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের অবস্থান কঠোর। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ থেকে ১৪ জুন পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে সম্পত্তিসংক্রান্ত অপরাধে জড়িত ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ২৫ জন ডাকাত, ৩৫ জন চোর এবং ১৯ জন ছিনতাইকারী। এ সময় ২১৬টি গাড়ির ব্যাটারি, দুটি ট্রাক, একটি হাইয়েস মাইক্রোবাস, একটি সিএনজি অটোরিকশা, তিনটি অটোরিকশা ও পাঁচ কেজি তামার তার উদ্ধার করা হয়। মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৫৭৮ পিস ইয়াবা, ২৫ কেজি গাঁজা, ৮২ গ্রাম হেরোইন ও ৫৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৪৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত ২৯৬ জন এবং নিয়মিত মামলার ১৩৫ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে আরও ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে কয়েকটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদেরও আটক করা হয়। রাজেন্দ্রপুর এলাকায় সক্রিয় ডাকাত সনি ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে চলাচলকারী সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশার যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ রয়েছে।

এ ছাড়া ঝিলমিল এলাকার ‘ল্যাংড়া এরফান’ ডাকাত চক্রের প্রধান এরফানসহ চারজনকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। কদমতলী এলাকায় সিএনজিভিত্তিক ছিনতাই চক্রের মূল হোতা লিটনসহ চার সদস্যকেও আটক করা হয়েছে। পুলিশ জানায়, তারা যাত্রীদের ওপর হামলা চালিয়ে টাকা, মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিংয়ের অর্থ ছিনিয়ে নিত।

অন্যদিকে বসুন্ধরা রিভার ভিউ আবাসিক এলাকায় বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় কালা ওয়াশিম ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত বাবু হত্যা মামলার আসামি সিয়ামকেও ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আটক করা হয়।

এ ছাড়া শতাধিক মামলার আসামি হিসেবে পরিচিত ‘ব্রিফকেস হান্নান’কে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তার সহযোগীদেরসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী গ্রাহকদের অনুসরণ করে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, 'মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।'
 

আরও পড়ুন

×