শুরু হচ্ছে ‘গুলশানের চামেলি’, ঈদুল ফিতরে মুক্তি
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১৪:০৮ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ১৪:৩২
চেয়ারে পিছমোড়া করে বাঁধা একজন নারী। পুরো ঘর জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ছোট একটি জানালার ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছে। আলো ছায়ার খেলায় অন্যরকম এক রহস্যের সৃষ্টি হয়েছে। এমন একটি পোস্টার প্রকাশ করে ২০২০ সালে ঘোষণা করা হয়েছিল ‘গুলশানের চামেলী’সিনেমার। সে সময় জানানো হয়েছিল সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন সৈকত নাসির। আর প্রযোজনা করবেন এমডি ইকবাল।
এরপর সিনেমাটির আর কোনো খবর পাওয়া যায়নি। পাঁচ বছর পর সিনেমাটির খবর জানা গেল। সেই সঙ্গে জানা গেল সিনেমাটির পরিচালকও পরিবর্তন হচ্ছে।
রাজনীতি ও এলিট সোসাইটির পতিতাবৃত্তি নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘গুলশানের চামেলি’। নির্মাণ করবেন এমডি ইকবাল। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার।
রাজনীতির পাশাপাশি অভিজাতশ্রেণির অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হবে ‘গুলশানের চামেলি’ সিনেমাটিতে। ছবির গল্প একজন পতিতার জীবনের। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। যিনি হবেন ছবির নায়ক আবার খলনায়ক। সবচেয়ে বড় কথা এ ছবিতে কোনো নায়ক নেই। নায়িকা প্রধান গল্পের ছবি হবে।
সিনেমাটি নিয়ে নির্মাতা ইকবাল বলেন, সিনেমার গল্পে একের পর এক টুইস্ট থাকবে। আব্দুল্লাহ জহির বাবু দারুণভাবে গল্পটি লিখেছেন। এর শিল্পীদের নিয়েও চমক রাখছি। তবে এখনই সেটি বলতে চাই না। তবে অন্ধকার জগতের গল্প বড় আঙ্গিকে দেখানো হবে। যেহেতু ঈদের সিনেমা। দর্শকরা উৎসবের সময় ভালো গল্পের সিনেমা চান। সিনেমাটি দর্শকের সেই চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা করি।
‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’, ‘বীর’সহ বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন ইকবাল। ‘গুলশানের চামেলি’র আগে তিনি ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’-এর মতো সিনেমায় পরিচালনার দায়িত্বে ছিলেন।
পরিচালকের তথ্যমতে আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
- বিষয় :
- নতুন সিনেমা
