নিজের বায়োপিকে কি দীপিকাকে চান হেমা মালিনী
হেমা মালিনী ও দীপিকা পাড়ুকোন। ছবি: টিভি নাইন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৯:১২ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৯:২২
বলিউডের কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনী। দীর্ঘ ছ'দশকের বেশি সময় ভারতীয় সিনেমায় তাঁর অনবদ্য অবদানের কথা আজ আর আলাদা করে বলার অবকাশ রাখে না। ইন্ডাস্ট্রিতে ষাট বছর পূর্তিতে চর্চায় ‘ড্রিম গার্ল’ হেমার বায়োপিক। হেমা মালিনী মনে করেন, নিজের বায়োপিক নির্মিত হলে সেখানে তার চরিত্রে অভিনয় করার জন্য দীপিকা পাড়ুকোন উপযুক্ত পছন্দ হতে পারেন।
সম্প্রতি মুম্বাইয়ে চলচ্চিত্রে তার ৬০ বছরের পথচলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হেমা মালিনীকে প্রশ্ন করা হয়, তার জীবনের ওপর সিনেমা হলে কোন অভিনেত্রীকে তিনি নিজের চরিত্রে দেখতে চান।
উত্তরে দীপিকার নাম উঠতেই হেসে হেমা বলেন, ‘দীপিকা খুব সুন্দরী ও অত্যন্ত প্রতিভাবান একজন অভিনেত্রী। ওর যদি ইচ্ছে থাকে, তবে ও অবশ্যই আমার চরিত্রে অভিনয় করতে পারে। আসলে যে কেউ চাইলে এই কাজটি করতে পারে।’
দুই অভিনেত্রীর সম্পর্কের ইতিহাসও বেশ পুরোনো। ২০১৭ সালে লেখক রাম কমল মুখার্জি রচিত হেমা মালিনীর জীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এর মোড়ক উন্মোচন করেছিলেন দীপিকা পাড়ুকোন, আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং হেমা। এছাড়া দীপিকার অভিষেক সিনেমা ‘ওম শান্তি ওম’-এ তার ‘শান্তিপ্রিয়া’ চরিত্রটি অনেকটাই অনুপ্রাণিত ছিল বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর পর্দার ব্যক্তিত্ব থেকে।
শুক্রবার মুম্বাইয়ের শানমুখানন্দ হলে আয়োজিত ‘হেমা মালিনী—লাইভ ইন কনসার্ট: সেলিব্রেটিং দ্য ড্রিম গার্ল’স ডায়মন্ড জুবিলি—৬০ গ্লোরিয়াস ইয়ার্স ইন সিনেমা’ অনুষ্ঠানে অভিনেত্রীর প্রয়াত স্বামী ও কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকেও বিশেষভাবে স্মরণ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে ৮৯ বছর বয়সে মারা যান তিনি।
অনুষ্ঠানে নিজের প্রয়াত মা ও সাবেক ম্যানেজার জয়া চক্রবর্তীর অবদানের কথাও স্মরণ করেন হেমা মালিনী।
তিনি বলেন, ‘আমি আমার মায়ের প্রতি কৃতজ্ঞ। তিনি সবসময় আমার পাশে ছিলেন। আমার বিশ্বাস, একজন সন্তানের জীবন ও ক্যারিয়ারে মায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমার পরিবার সবসময় আমাকে সমর্থন করেছে বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি।’ সূত্র: এনডিটিভি
- বিষয় :
- হেমা মালিনী
- দীপিকা পাড়ুকোন