নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের গুডউইল অ্যাম্বাসেডর আরশাদ আদনান
আরশাদ আদনান। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৮:৪৪
ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক আরশাদ আদনানকে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে।
আগামী ২ আগস্ট নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর প্রথম আসর। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
আয়োজকরা জানিয়েছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নীতিমালা অনুসরণ করে এ আয়োজন পরিচালিত হবে। স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য—এই তিন বিভাগে বাংলা ভাষার চলচ্চিত্র জমা, বাছাই, প্রদর্শন এবং পুরস্কার প্রদান করা হবে।
সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে পরিচিত আরশাদ আদনানের সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু কবিতার প্রতি ভালোবাসা থেকে। পরে নাটক প্রযোজনা, অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। প্রায় এক দশক আগে একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য একই বিমানে ৪০ জনের বেশি শিল্পী ও কলাকুশলীকে কক্সবাজারে নিয়ে গিয়ে ব্যাপক আলোচনায় আসেন।
তার প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ‘ইউটার্ন’ ও ‘সুলতানা বিবিয়ানা’ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। বিরতির পর ২০২৩ সালে তার প্রযোজনায় নির্মাতা হিমেল আশরাফ পরিচালনা করেন ‘প্রিয়তমা’। মুক্তির পর ছবিটি বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয় এবং দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।
‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ গান দুটি মুক্তির পরপরই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। বিশেষ করে ‘ও প্রিয়তমা’ সাম্প্রতিক সময়ের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত ও বহুল শ্রোতাপ্রিয় গানের অন্যতম হিসেবে বিবেচিত হয়। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকের কাছে গানটি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে এবং চলচ্চিত্রটির জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে, নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে আরশাদ আদনানের অন্তর্ভুক্তি উৎসবটির আন্তর্জাতিক পরিচিতি আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- বিনোদন খবর