রাজধানীতে আজ দুই কনসার্ট, মঞ্চ মাতাবেন যে শিল্পীরা
ছবি-সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৫:২২ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ১৫:৩২
রাজধানীতে আজ (৫ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় ওপেন এয়ার কনসার্ট—‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ এবং ‘বর্ষা বিপ্লবের গান’। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দুই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ব্যান্ড ও তারকাশিল্পীরা অংশ নেবেন।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই কনসার্ট। তবে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়। অনুষ্ঠানটি উপভোগ করতে কোনো টিকিটের প্রয়োজন হবে না।
এই কনসার্টে পারফর্ম করবে দেশের সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। মূল আয়োজনে অংশ নেবে ছয়টি ব্যান্ড, আর উদ্বোধনী পর্বে মঞ্চে উঠবে ব্যান্ড রে রে। পাশাপাশি থাকবে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণের আয়োজন।
বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফল হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি জাগ্রত রাখার লক্ষ্যেই এই কনসার্টের আয়োজন। অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা প্রস্তুত রয়েছেন।
অন্যদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীরা। এটিও সবার জন্য উন্মুক্ত।
এই কনসার্টের লাইনআপে রয়েছে ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর। একক শিল্পীদের মধ্যে থাকছেন আসিফ আকবর ও সেজান। বিশেষ পরিবেশনায় অংশ নেবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজি আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন সংগীতশিল্পী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীতের মাধ্যমে জুলাইয়ের চেতনা, ঐক্য এবং সাংস্কৃতিক প্রতিবাদের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরাও নিজ নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শক-শ্রোতাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জানা গেছে, আর্টসেল পরিবেশন করবে ‘দুর্গম গিরি কান্তার মরু’, আর্ক গাইবে ‘যা রে যা, উড়ে যা পাখি’, আর আসিফ আকবরের কণ্ঠে শোনা যাবে ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ’সহ তাঁর জনপ্রিয় কিছু গান। র্যাযপার সেজানও পরিবেশন করবেন তাঁর আলোচিত গান।
শিরোনামহীন এক ভিডিওবার্তায় জানিয়েছে, গণঅভ্যুত্থানের স্মরণে সবাইকে নিয়ে সাহস ও ভালোবাসার গান গাইতেই তারা ‘বর্ষা বিপ্লবের গান’-এর মঞ্চে আসছে। কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খানও দর্শকদের অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মিলিতভাবে গান গাওয়ার আহ্বান জানিয়েছেন।
দুটি আয়োজন ঘিরেই রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মঞ্চ নির্মাণ, দর্শক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাদের প্রত্যাশা, হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ এবং ‘বর্ষা বিপ্লবের গান’ শুধু বিনোদনের আয়োজনই নয়, বরং জুলাইয়ের স্মৃতি, সাংস্কৃতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ উদযাপনের দুটি স্মরণীয় মঞ্চে পরিণত হবে।
- বিষয় :
- কনসার্ট