তরুণীকে হেনস্তা
অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের শিল্পীর বিরুদ্ধে মামলা
রাহুল সিপ্লিগুঞ্জ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৫:১৭
অস্কারজয়ী ‘নাটু নাটু’ গানের গায়ক রাহুল সিপ্লিগুঞ্জের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বিয়ে সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক তরুণীকে হুমকি ও হয়রানির অভিযোগে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এমভিপি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলায় রাহুল সিপ্লিগুঞ্জসহ মোট ১২ জনের নাম রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টিভি-নাইন তেলুগু।
অভিযোগকারী তরুণীর দাবি, কার্পুরাপু রাহুল রেড্ডি নামের এক ব্যক্তি বিয়ের কথা বলে তার সঙ্গে যোগাযোগ করেন। শুরুতে ওই ব্যক্তি নিজেকে রাহুল সিপ্লিগুঞ্জের আত্মীয় হিসেবে পরিচয় দেন। পরে তিনি তরুণীর ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস নিয়ে জটিলতা তৈরি হয়। এতে তার সম্মান ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তরুণীর আরও অভিযোগ, রাহুল সিপ্লিগুঞ্জও তাকে হুমকি দিয়েছেন ও জোর করে একটি ভিডিও বক্তব্য রেকর্ড করিয়েছেন। তবে ওই ভিডিওতে কী বলা হয়েছে, তা এখনো জানা যায়নি।
তরুণীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা করেছে। মামলায় ব্ল্যাকমেল, হুমকি ও হয়রানির অভিযোগ আনা হয়েছে।
তবে রাহুল সিপ্লিগুঞ্জের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এখনো তদন্তাধীন। এ বিষয়ে রাহুলের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।
তেলুগু চলচ্চিত্রের গায়ক ও গীতিকার রাহুল সিপ্লিগুঞ্জ প্রথমে ইউটিউবে স্বাধীনভাবে গান প্রকাশ করে পরিচিতি পান। পরে এসএস রাজামৌলির আলোচিত সিনেমা ‘আরআরআর’–এর ‘নাটু নাটু’ গানে কণ্ঠ দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি। এম এম কীরাবাণীর সুর এবং চন্দ্রবোসের কথায় তৈরি গানটিতে রাহুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কালা ভৈরব ও কীরাবাণী। গানটি ২০২৩ সালে অস্কারে সেরা মৌলিক গান–এর পুরস্কার জিতে ইতিহাস তৈরি করে। অস্কার জয়ের পর তেলেঙ্গানা সরকার রাহুলকে ১ কোটি রুপি পুরস্কার দেয়। পরে ‘বিগ বস তেলুগু ৩’–এ অংশ নিয়ে বিজয়ী হন তিনি।
২০২৫ সালের আগস্টে হায়দরাবাদে হরিণ্যা রেড্ডির সঙ্গে বাগদান হয় রাহুলের। একই বছরের নভেম্বরে তাদের বিয়ে হয়। সম্প্রতি পাওয়ান কল্যাণের ‘হরি হরা বীরা মাল্লু: পার্ট ১’ এবং মহেশ বাবুর ‘গুন্টুর কারাম’ সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে