ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

‘দ্য আলকেমিস্ট’ নিয়ে মঞ্চে এক্টোম্যানিয়ার নতুন প্রযোজনা

‘দ্য আলকেমিস্ট’ নিয়ে মঞ্চে এক্টোম্যানিয়ার নতুন প্রযোজনা
×

বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবি-আল ইসমাম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৩৫ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০০

| প্রিন্ট সংস্করণ

ব্রাজিলিয়ান কথাসাহিত্যিক পাওলো কোয়েলহোর কালজয়ী উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ অবলম্বনে মঞ্চে এসেছে নাট্যদল এক্টোম্যানিয়ার নতুন প্রযোজনা ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনাটির মঞ্চনাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন তালহা জুবায়ের।

উপন্যাসের মূল চরিত্র আন্দালুসীয় তরুণ মেষপালক সান্তিয়াগো স্বপ্নে দেখা মিসরের পিরামিডের কাছে গুপ্তধনের সন্ধান পাওয়ার আশায় যাত্রা করে। সেই যাত্রাপথে একের পর এক মানুষের সঙ্গে তার দেখা হয়, আর প্রতিটি সাক্ষাৎ তাকে জীবন ও নিজের আকাঙ্ক্ষা সম্পর্কে নতুন উপলব্ধির মুখোমুখি করে। জিপসি নারী থেকে সালেমের রাজা মেলচিজেডেক, স্ফটিক ব্যবসায়ী, ইংরেজ তরুণ, কাফেলা সর্দার ও মরূদ্যানের ফাতিমা; প্রত্যেকেই সান্তিয়াগোর অভিযাত্রার ভিন্ন ভিন্ন অধ্যায় হয়ে ওঠে। শেষ পর্যন্ত রহস্যময় আলকেমিস্টের সান্নিধ্যে এসে তার সামনে খুলে যায় জীবনের আরেক সত্য। বিশ্বনাট্যের ধ্রুপদি ধারাকে অনুসন্ধানের অংশ হিসেবে প্রযোজনাটির ফিজিক্যাল অ্যাকশন ও আধুনিক নাট্যরীতিতে মঞ্চায়ন করেছে এক্টোম্যানিয়া।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়েম সিজান (সান্তিয়াগো), শশাঙ্ক সাহা ও কামরুজ্জামান তাপু (আলকেমিস্ট), মাহফুজ ইসলাম মেঘ (মেলচিজেডেক), সায়রা আকতার জাহান ও ফাতেমা তাবাসসুম ইলমা (ফাতিমা), জয়ব্রত বিশ্বাস ও ফকির বিপ্লব (স্ফটিক দোকানি), সালাউদ্দিন ইভান (ইংলিশম্যান), মাহবুবা আফরোজ মৌ (জিপসি) এবং কামরুল তিহান (কাফেলা সর্দার)। বিভিন্ন কুশীলব চরিত্রে রয়েছেন মইনুল মেহমুত বাপ্পি, দিবাকর মণ্ডল জিতু, সাকিব শুভ, সানভী মীর চৌধুরী, আসাদুজ্জামান সাদ, রিহাদ ইসলাম, ঐশি রায়, অভিজিৎ সাহা রুদ্র, সুলায়হা তারজিয়া ও সাদেকুল ইসলাম ফাহিম।

প্রযোজনাটির আলোক পরিকল্পনায় কাজ করেছেন মুখলেসুর রহমান, সংগীত পরিকল্পনায় গোপী দেবনাথ, পোশাক ও দ্রব্যসামগ্রীতে রেহনুমা তাবাসসুম এবং দেহবিন্যাসে ফরহাদ আহমেদ শামিম। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার একই মিলনায়তনে নাটকটির দুটি করে প্রদর্শনী হবে। প্রতিদিন প্রথম প্রদর্শনী বিকেল সাড়ে ৪টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

আরও পড়ুন

×