ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬

সাবিনা ইয়াসমিনের সঙ্গে মোমিনের দ্বৈত গান

সাবিনা ইয়াসমিনের সঙ্গে মোমিনের দ্বৈত গান
×
×

সাবিনা ইয়াসমিনের সঙ্গে মোমিন বিশ্বাস। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:০৯ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ১৪:১২

বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর গাওয়া অসংখ্য কালজয়ী গান বাংলা সংগীতভান্ডার সমৃদ্ধ করেছে, যা আজও শ্রোতাদের মুখে মুখে ফেরে। তাঁর কণ্ঠে নতুন গান প্রকাশ হতে যাচ্ছে।

‘না বলা গল্প’ শিরোনামে দ্বৈত গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস। ‘সুখ দুঃখ হাসি কান্না/এই নিয়েই জীবনের গান/কত স্বপ্ন কত আশা/কতনা মান অভিমান–এমন কথার গানটি লিখেছেন গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম। সুর করেছেন জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষ।

আগামী ৫ নভেম্বর এটি প্রকাশ পাবে মোমিন বিশ্বাস ভিভো এবং শ্যাম মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। গানটি ঘিরে ইতোমধ্যে সংগীতাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ ও উচ্ছ্বাস। শ্রোতাদের জন্য গানটি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গানটির সংগীতায়োজন ও সুরের মেলবন্ধনে শ্রোতারা নতুন এক রোমান্টিক আবহের স্বাদ পাবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নতুন গান প্রসঙ্গে শিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের বাইরে দারুণ রোমান্টিক একটি গান করলাম। মোমিনকে (মোমিন বিশ্বাস) আমি খুব স্নেহ করি। ও সবসময়ই ভালো গায়। ওর গায়কির নিজস্বতা আমাকে মুগ্ধ করে। গানটি মেলোডিয়াস হয়েছে। গীতিকার সামছুল আলম চমৎকার লিখেছেন, আর রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও তাঁর মুনশিয়ানা দেখিয়েছেন। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি, সবার ভালো লাগবে।’

মোমিন বিশ্বাস জানান, ছোটবেলা থেকেই সাবিনা ইয়াসমিনের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তাঁর ভাষায়, ‘সাবিনা ইয়াসমিন আমার প্রাণের শিল্পী। তিনি আমাদের দেশের সম্পদ। বাংলা গানকে এ গুণী শিল্পী যেভাবে সমৃদ্ধ করেছেন, আমরা শ্রোতা হিসেবে তাঁর কাছে চিরঋণী। তাঁর সঙ্গে ষষ্ঠ বারের মতো দ্বৈত গান গাওয়ার সুযোগ পাওয়া আমার শিল্পী জীবনের পরম প্রাপ্তি। আশা করি, শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করবেন।’

গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলম বলেন, সাবিনা ইয়াসমিন বাংলা গানের একজন গুণী শিল্পী। এমন একজন শিল্পীর জন্য গান লিখতে পারা যে কোনো গীতিকারের জন্য বিরাট প্রাপ্তি। সুরকার রাজেশ ঘোষও গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, অনেক দিন পর সাবিনা ইয়াসমিনের জন্য গান করার সুযোগ পেয়ে তারা গর্বিত। গানটিতে মোমিন বিশ্বাসও চমৎকার গেয়েছেন বলে জানান তিনি। গানটির মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন দুই উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও নূঝহাত সাওম। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়। 

নতুন গানের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট নিয়েও ব্যস্ততা রয়েছে সাবিনা ইয়াসমিনের। সম্প্রতি তিন সপ্তাহের লন্ডন ট্যুর শেষে দেশে ফিরেছেন এই গুণী সংগীতশিল্পী।    

আরও পড়ুন

×