ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ফিরছে ‘ফেউ’–এর পূর্ণাঙ্গ গল্প, জানা গেলো মুক্তির তারিখ

ফিরছে ‘ফেউ’–এর পূর্ণাঙ্গ গল্প, জানা গেলো মুক্তির তারিখ
×
×

‘ফেউ কমপ্লিট সাগা’-এর একটি দৃশ্যে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ১৬:০৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ | ১৬:০৪

ওয়েব সিরিজ ‘ফেউ’ ফিরছে পূর্ণাঙ্গ রূপে। মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত এবারের সিরিজটির নাম ‘ফেউ কমপ্লিট সাগা’। গল্পটি মূলত বাংলাদেশিদের বীরত্বগাথা। যেখানে সাধারণ জনগণের প্রতিনিধি হয়ে ওঠে রহস্য পুরুষ মার্শাল। সুন্দরবনের গহীনে পেঁচানো সাপের মতো সেই  জগত নিয়ে চিত্রায়িত হয়েছে পুরো সিরিজের শুটিং। এটি নির্মাণ করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। আজ মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। 

যেখানে ইংরেজিতে কিছু কথা বলতে শোনা যায়, যার বাংলা করলে হয় এমন, ’আমি তোমাকে আগেই বলেছিলাম, জঙ্গলের একটা নিজস্ব নিয়ম–আইন রয়েছে। সেটা ভাঙলে, তাকে সমস্যার সম্মুখিন হতে হয়।’ সংলাপ এবং দৃশ্যের বুননে টিজারটি দর্শকদের কাছে হয়ে উঠেছে উপভোগ্য। 

৯ পর্বের সিরিজটি চরকিতে মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর রাত ১২টায় (১২ নভেম্বর)। 

সত্যের অনুপ্রেরণায় ফিকশনাল এ গল্প লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ন সাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ। প্রেক্ষাপট এবং স্থানীয়-আন্তর্জাতিক রাজনীতির মিশেলে গড়ে ওঠা এই রহস্যঘন গল্পের চূড়ান্ত পরিণতি মিলবে এবারের সিজনে।

প্রথম সিজন শেষে সবচেয়ে বড় প্রশ্ন ছিল— সুনীল কি আদৌ বেঁচে আছেন, নাকি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে মারা গেছেন? একই সঙ্গে সুন্দরবনের মৌয়াল থেকে জলদস্যু বাহিনীর সর্দারে পরিণত হওয়া মার্শাল (মোস্তাফিজুর নূর ইমরান) কি পারবে অধিকার আদায় করতে? ‘ডুমুরঝাপি–এর মানুষগুলো কী আশ্রয় পাবে?’ ‘ফেউ কমপ্লিট সাগা’–তে এগুলোর উত্তর ছাড়াও একটি নির্দিষ্ট জনপদের ভূরাজনীতির নানা বিষয় পরিষ্কার হতে পারে বলে জানান সিরিজটির নির্মাতা। 

’ফেউ কমপ্লিট সাগা’ মূল সিরিজের দ্বিতীয় কোনো সিজন নয় বরং প্রথম সিজনের কিছু অংশের সঙ্গে বাকি গল্প যুক্ত হয়ে নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ সিরজটি। নির্মাতা জানান, প্রথম সিজনে ইতিহাস, জনপদ, সেই জনপদের মানুষের ক্রাইসিস ও রাজনীতির বিস্তরভাবে দেখানো হয়েছিল, এবার সেগুলো এসে মিলবে এক বিন্দুতে। ড্যানিয়েলের বাবার সন্ধানের পরিণতি কিংবা মার্শালের রাজনৈতিক পরিচয়–সংগ্রামের শেষটা উঠে আসবে এ সিজনে।

সিরিজটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভি রিজু, ফাদার জোয়া, বাবলু বোস, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন, রন্তিক দীপু, আমিরুল ইসলাম, আবিদ মল্লিক। সিরিজে  খুলনা, বাগেরহাট ও বটিয়াঘাটার শতাধিক শিল্পী অভিনয় করেছেন।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ’ফেউ প্রথম সিজন মুক্তির পর এর গল্প, লোকেশন, ভিস্যুয়াল ছিল দর্শক আলোচনায়। সিরিজটির গল্পের সঙ্গে ইতিহাস, রাজনীতি, বাবাকে খুঁজে পাওয়ার জার্নি আছে। এর শুটিং সুন্দরবনের খুবই দুর্গম জায়গায় হয়েছিল। এ বিষয়গুলো পর্দায় দর্শকরা অনুধাবন করতে পেরেছে। আশা করছি, দারুণ সব দৃশ্যায়ন এবং নবীন–প্রবীণদের অভিনয়ে ইতিহাস ও সংগ্রামের জার্নিটা দর্শকদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠবে।’

আরও পড়ুন

×