শাবানা আজমির মায়ের মৃত্যুতে শোকাহত বলিউড
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৪:৫৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:১১
বলিউডের দাপুটে ও বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির মা শওকত কাইফি আর নেই। শুক্রবার রাতে মুম্বাইয়ের জুহুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মঞ্চ ও চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি বার্ধক্যজনিত রোগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শাবানা আজমির মা শওকত কাইফি। এসময় দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু হাসপাতালে বেশিক্ষণ রাখা হয়নি এ অভিনেত্রীর মাকে। গতরাতেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।
শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
বড় পর্দায় তাকে শেষ দেখা গেছে ২০০২ সালে 'সাথিয়া' ছবিতে। তবে তার উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে মুজফ্ফর আলির 'জান', সাগর সথাদির 'বাজার', এমএস সাথ্যুর 'গর্ম হাওয়া' অন্যতম।
মাতৃহারা শাবানার পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। এ শোকের কোনও সান্ত্বনা নেই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত সওকত কাইফিকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।
শওকত কাইফি নিজেও একজন নামজাদা অভিনেত্রী ছিলেন। জনপ্রিয় কবি কাইফি আজমির স্ত্রী হিসেবে পরিচিতি পেয়েও, অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে নিজের আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। ২০০২ সালে কাইফি আজমির মৃত্যুর পর 'কাইফি অ্যান্ড আই' বলে একটি বই লেখেন শউকত কাইফি।
- বিষয় :
- শাবানা আজমি
