ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

'এটিএম শামসুজ্জামানের বিকল্প ছিলো না'

'এটিএম শামসুজ্জামানের বিকল্প ছিলো না'
×

এটিএম শামসুজ্জামান (ডানে) ও হানিফ সংকেত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৪৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ | ০৪:৩৮

হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে ছিল এটিএম শামসুজ্জামানের প্রাণবন্ত অভিনয়। প্রায় প্রতিটি পর্বেই ছিলেন তিনি। আজ শনিবার চিরবিদায় নিলেন এই অভিনেতা। ইত্যাদিতে আর দেখা যাবেনা তাকে। অথচ জীবনের শেষ অভিনয়টা তিনি ইত্যাদিতেই করেছেন বলে জানান হানিফ সংকেত। দারুণ এক সম্পর্ক তৈরি হয়েছিল তাদের মধ্যে।

হানিফ সংকেত বলেন, 'দেশের সাংস্কৃতিক অঙ্গন হারাল আরোও একটি নক্ষত্র। অত্যন্ত মেধাবী, প্রাণবন্ত, বিনয়ী, সহজ-সরল, সাদামাটা মানুষ ছিলেন এটিএম ভাই। ছিলেন আদর্শ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অসুস্থতার সময় নিয়মিত তার খোঁজ-খবর রাখতে চেষ্টা করতাম। হাসপাতালেও গিয়েছি। রুনী ভাবীর সঙ্গে নিয়মিত কথা হতো। এটিএম ভাই ছিলেন ইত্যাদির বিশেষ অনুষ্ঠানগুলোর প্রায় নিয়মিত শিল্পী। এছাড়াও আমার অন্যান্য অনুষ্ঠান ও অনেকগুলো নাটকে তাকে নেয়ার সুযোগ হয়েছিল। তাই কাছ থেকে দেখেছি, গভীরভাবে মেশার সুযোগ পেয়েছি। ছিল আন্তরিক সম্পর্ক।'

হানিফ সংকেত আরও বলেন, 'ইত্যাদির প্রতি তার একটা বিশেষ দুর্বলতাও ছিল। আর সেজন্যই চিকিৎসাধীন অবস্থায়ও তিনি বার বার ইত্যাদির কথা স্মরণ করেছেন। হাসপাতালে দেখতে গেলে সুস্থ হয়ে আবারও ইত্যাদির ক্যামেরার সামনে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর তাই প্রথম যখন কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তখনই ভাবী আমাকে জানিয়েছিলেন এটিএম ভাই ইত্যাদিতে অভিনয় করতে চান। যেহেতু আমরা আমাদের নিজস্ব স্পটে শ্যুটিং করি এবং এখানকার পরিবেশ, খাওয়া-দাওয়া সবকিছুতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই তার বিশ্বাস এখানে এসে অভিনয় করলে তার অসুবিধা হবে না। এখান থেকেই তিনি আবার যাত্রা করতে চান।'

স্মৃতিচারণ করে হানিফ সংকেত বলেন, 'আরেকজন বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খানের সঙ্গে জুটি করে সেসময় ইত্যাদির জন্য ছোট্ট একটি নাট্যাংশ নির্মাণ করেছিলাম, যেটি পরে ইত্যাদিতে প্রচারিত হয়। আর সেই অভিনয়টুকুই ছিল এটিএম ভাইয়ের জীবনের শেষ অভিনয়। অনেক শিল্পীরই বিকল্প তৈরি হয়, কিংবা করা যায়; কিন্তু এটিএম শামসুজ্জামানের কখনোই কোন বিকল্প ছিলো না, আর তৈরি হবে কিনা জানি না। তার প্রতিটি চরিত্রই ছিল অভিনয় নৈপুণ্যে আলাদা।'

মহান এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হানিফ সংকেত। 

আরও পড়ুন

×