তাপসী-অনুরাগের দিকে তোপ দাগলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২১ | ০৪:৪১ | আপডেট: ০৫ মার্চ ২০২১ | ০৫:৩৩
বলিউডে ঠোঁটকাটা নায়িকা হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। সম্প্রতি হুট করেই আয়কর বিভাগের লোকেরা ঢুকে পড়েছিলেন বলিউডের অভিনেত্রী তাপসী পান্নুর বাড়িতে। শুধু তাপসী নয়, পরিচালক অনুরাগ কশ্যপের বাড়িতেও অভিযান চালিয়েছেন তারা।
উল্লিখিত দুই তারকা ছাড়াও ভারত সরকারের এই প্রতিষ্ঠান অভিযান চালিয়েছে চলচ্চিত্র পরিচালক বিকাশ বহেল এবং প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মসের অফিসেও।
আয়কর হানার পর তাপসী এবং অনুরাগের ফোন থেকে বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। যে বিষয়টি প্রকাশ্যে আসতেই এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত।
এ বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে কঙ্গনা লিখেছেন, তাপসী এবং অনুরাগের ফোন থেকে যে তথ্য প্রমাণ মুছে দেওয়া হতে পারে, সেই সন্দেহ তার আগে থেকেই হয়েছিল। আর্থিক প্রতারণার অভিযোগে যখন তাপসী পান্নু ও অনুরাগের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, সেই সময় এই বলিউড ব্যক্তিত্বদের ফোন থেকে যেভাবে তথ্য লোপাট করার অভিযোগ উঠছে, তা সত্যিই লজ্জাজনক বলে অভিযোগ করেন 'ধাকড়' অভিনেত্রী।
তাপসী, অনুরাগরা যখন পরিযায়ী শ্রমিকদের তাঁতাতে শুরু করেন তখন থেকেই তার এই সন্দেহ দানা বাঁধতে শুরু করে বলে দাবি কঙ্গনার।
তাপসীদের বাড়িতে আয়কর বিভাগ তল্লাশি চালাতে যাওয়ায় আবারও তিনি উঠে আসেন আলোচনায়। যদিও এখন পর্যন্ত এ নিয়ে কশ্যপ বা তাপসী সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি। এ ছাড়া কৃষি আইন নিয়েও বেশ সরব ছিলেন তাপসী। আর অনুরাগ কশ্যপ তো গোড়া থেকেই মোদি সরকারের কড়া সমালোচক।
তাপসী ও অনুরাগকে শিগগিরই দেখা যাবে ‘দোবারা’ ছবিতে। সূত্র: জিনিউজ
- বিষয় :
- কঙ্গনা রানাউত
- তাপসী পান্নু
- অনুরাগ কশ্যপ