এন্ড্রু কিশোর কেমন আছেন?
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৫:১১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৮
ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। ২৬ নভেম্বর অ্যান্ড্রু কিশোরের কেমোথেরাপির চতুর্থ সাইকেল শুরু হয়েছে। চিকিৎসায় প্রচুর টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যান্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দেন।
চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করেছেন এ শিল্পী। অনেক তারকা শিল্পীও তার পাশে দাঁড়িয়েছেন। এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য অনেকের কাছে গেছেন মোমিন বিশ্বাস; যিনি এন্ড্রু কিশোরের চিকিৎসার অর্থ সংগ্রহের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।
এন্ড্রু কিশোরের বর্তমান অবস্থা কেমন- জানতে চাইলে মোমিন বিশ্বাস বলেন, ভালো নেই এন্ড্রু কিশোর। গত পাঁচ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। প্রতিদিনই হাসপাতালে যেতে হয়। এর আগে কেমোথেরাপি নিয়ে বাসায় চলে যেতেন। বুস্টার দেওয়াসহ অন্যান্য পরীক্ষার জন্য বাসা থেকে হাসপাতালে যান। কিন্তু শারীরিক অবস্থা আশানুরূপ না হওয়ায় এবার আর তাকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। হাসপাতালে রেখেই প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়।
তবে গত কয়েক দিনের তুলনায় এখন একটু ভালো। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন কিছুটা সুস্থ বলেই জানান মোমিন বিশ্বাস। তিনি জানান, এন্ড্রু কিশোরের চিকিৎসায় আরও অনেক টাকা প্রয়োজন।
এদিকে ফেসবুকসহ বিভিন্নভাবে অনেকেই ব্যক্তিগত বিকাশ নম্বর দিয়ে এন্ড্রু কিশোরের জন্য আর্থিক সহযোগিতা চাচ্ছেন। এন্ড্রু কিশোরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না, এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
- বিষয় :
- এন্ড্রু কিশোর
- অসুস্থ
