বৃহস্পতিবার কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ
কনসার্ট ফর ডিজিটার বাংলাদেশে গাইবে ব্যান্ডদল ওয়ারফেজ।
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৪
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ'। তারকাবহুল এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী মমতাজ, ঐশী, প্রীতম হাসান এবং রক ও মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস ও স্পন্দন।
রাজধানীর বাড্ডার মাদানী এভিনিউয়ের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে। 'সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে'- এই প্রতিপাদ্য নিয়ে কনসার্টের আয়োজন করেছে আইসিটি ডিভিশন। আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে কনসার্ট। চলবে সন্ধ্যা পর্যন্ত। কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড ও শিল্পীরা পরিবেশন করবেন তাদের জনপ্রিয় গানগুলো।
'কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ'-এর আয়োজন নিয়ে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, 'জনসচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত। সমাজ বদলে দেওয়ার জন্য গান হতে পারে অন্যতম হাতিয়ার। এর প্রমাণ বহুবার পাওয়া গেছে। এ আয়োজন থেকেও দর্শকরা ইন্টারনেটে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্য-মিথ্যা যাচাই করে নেওয়ার বিষয়ে সচেতন হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।'
তার এ কথার সঙ্গে একমত পোষণ করে কণ্ঠশিল্পী ঐশী বলেন, 'গানের মাধ্যমে মানুষকে যত সহজে কোনো কিছু বলা বা বোঝানো যায়, তা অন্য কিছু দিয়ে সম্ভব নয়। যে উদ্দেশ্যে এই কনসার্টের আয়োজন তা সফল হবে বলেই আমি মনে করি।'
কণ্ঠশিল্পী প্রীতম হাসান জানান, এ আয়োজনে তিনি নিজের গানের পাশাপাশি তার সুর করা ও সংগীতায়োজনের বেশ কিছু গান পরিবেশনের পরিকল্পনা করেছেন। তবে দর্শকের নিজস্ব একটা প্রত্যাশা থাকে। তারা যে গানগুলো পছন্দ করেন এবং বারবার শুনতে চান, তেমন কিছু গান ক শোনাতে চান। অন্য ব্যান্ড শিল্পীরা শ্রোতার পছন্দের গানগুলোর পাশাপাশি নতুন কিছু গান পরিবেশনের পরিকল্পনা করেছেন বলেও জানান।
- বিষয় :
- কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ
- বিনোদন
