মুক্তিযুদ্ধের গল্পে...
তারিন
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ৩০ জুন ২০২১ | ২৩:১৩
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ভিকটিম। দুই পাশে বাদী-বিবাদীরা। চলছে আইনজীবীর যুক্তিতর্ক। পাশে রয়েছেন একজন নারী পুলিশ সদস্য। মনিটরে নির্মাতার নিবিষ্ট চোখ। সম্প্রতি বিএফডিসিতে শুটিং চলছিল টিভি চ্যানেলের জন্য নির্মিত ছবি 'সাহসিকা'র। ওই শুটিং সেটে দেখা মিলল তারকা অভিনেত্রী তারিন জাহানের। বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের মনোযোগ কাড়েন তিনি। যে জন্য দর্শকের কাছে একেবারে আলাদা এই অভিনেত্রী। আবারও তাকে পাওয়া গেল সে রকমই একটি চরিত্রে। কলেজপড়ূয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ এই প্রেমে আঘাত লাগল তখনই, যখন মাহাদির দ্বারাই তাকে হতে হলো ধর্ষণের শিকার! প্রেম মুছে গেল, থেকে গেল গ্লানি। পরিবার থেকেই শুনতে হলো হাজারটা তিরস্কার, ঘটনা ধামাচাপা দিতে চাইল কাছের মানুষরা। ওদিকে মাহাদির পক্ষ থেকেও এলো হুমকি। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারত ফারিয়া। কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে এলো সাহসী ফারিয়া। সেই সাহসের সঙ্গী হলো পুলিশ অফিসার নাদিয়া। এই চৌকস নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তারিন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সমাজের অন্যতম আলোচিত নারী নির্যাতনের ঘটনা নিয়ে এই ছবি। এই নারীর অধিকারের ছবিতে 'নাদিয়া' চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এটি ঈদে প্রচার হবে দীপ্ত টিভিতে। আশা করছি, গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে। 'সাহসিকা'র চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এ ছাড়া তারিন অভিনয় করেছেন হূদি হকের পরিচালনায় '৭১ সেইসব দিন' অনুদানের ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন লিটু আনাম। সম্প্রতি এ ছবির দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি।
ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তারিন জাহান বলেন, "মুক্তিযুদ্ধের ছবিতে কাজের আগ্রহ সব সময়ই আমার ছিল। সে রকম গল্প ও চরিত্র পাইনি বলে অভিনয় করা হয়নি। হূদি হক একজন সুঅভিনেত্রী, তার লেখা গল্প আমার খুব ভালো লাগে। তিনি যখন আমাকে গল্প শোনালেন, তখন এটি ভালো লেগে যায়। যে জন্য এই সিনেমায় অভিনয়ে রাজি হয়েছি। এরই মধ্যে প্রথম লটের কাজ করেছি ঠাকুরগাঁওয়ে। এতে আমি অভিনয় করেছি ১৯৭১ সালের শিক্ষিত এক নারীর চরিত্রে। তখনকার দিনে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ধনী পরিবারের মেয়ে 'নায়লা' ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র। অনেক তারকাশিল্পী এই ছবিতে অভিনয় করছেন। আমার কাছে মনে হয়েছে, এই ছবির গল্পই নায়ক। অনেক যত্ন করে কাজ করছেন হূদি হক। আশা করছি, এটি মুক্তিযুদ্ধের ভালো একটি ছবি হতে যাচ্ছে।'
দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার 'এটা আমাদের গল্প' ছবিতে অভিনয় করছেন তারিন। এটি নির্মাণ করছেন অভিনেত্রী মানসী সিনহা। এর কাহিনি গড়ে উঠেছে ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে। গল্পটি কলকাতার হলেও এতে তারিনের চরিত্র বাংলাদেশি এক মেয়ের। ছবির কাজ শেষ। এখন ডাবিং বাকি। করোনা পরিস্থিতির উন্নতি হলে কলকাতায় ডাবিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
- বিষয় :
- মুক্তিযুদ্ধের গল্প
- তারিন
- টিভি অভিনেত্রী
