অভিনয় ছাড়ার তো প্রশ্নই আসেনা: পূর্ণিমা
অনিন্দ্য মামুন
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৯
অভিনয় ছাড়ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। রোববার সকাল থেকেই এমন গুঞ্জন ছড়াচ্ছে অনলাইন মাধ্যমে। বিষয় নিয়ে বিস্তারিত জানতেই যোগাযোগ করা হয় পূর্ণিমার সঙ্গে। সমকাল অনলাইনকে পূর্ণিমা বলেন, ‘অভিনয় কেনো ছাড়বো। অভিনয় ছাড়ার মতো কি কিছু হয়েছে? এমন খবর কারা ছড়াচ্ছে, কেনো ছড়াচ্ছে তার কিছুই আমি জানিনা। কারও সঙ্গে তো এ বিষয়ে কোন কথাও হয়নি।’
তবে পূর্ণিমা পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন বলে জানান। হতে পারে এটি সামনে এনেই কেউ অভিনয় ছাড়ার খবর ছড়াচ্ছেন কেউ। আর হজ করলেই যে অভিনয় ছাড়তে হবে এমন তো কোন বিষয় নয়। তাহলে রাজ্জাক আঙ্কেল, ইলিয়াস কাঞ্চন আঙ্কেলও অভিনয় ছেড়ে দিতেন- বলেলেন পূর্ণিমা।
নতুন বছরে ওমরা শেষ করে এসে নতুন করে আবার অভিনয়ে মনোযোগ দিবেন জানিয়ে কথায় কথায় এ ধরনের গুঞ্জন না ছড়ানোর জন্য সবাইকে আ্হ্বান করেন পূর্ণিমা।
বর্তমানে জ্যাম, এবং গাংচিল ছবির শুটিং করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ নায়িকা। সম্প্রতি গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে প্রথমবার একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ভালোবাসাবাসি’। এটি পরিচালনা করেছেন সাগর জাহান। আসছে ভালোবাসা দিবসে কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
