কেবল সিনেমাতেই
স্পর্শিয়া
আব্দুল্লাহ আল মামুন
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০১:৫৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০২:০৩
টিভি নাটক থেকে যারা সিনেমায় আসেন, তারা চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও নিয়মিত থাকেন। অবস্থা এমন যে, চলচ্চিত্রে সফল হওয়ার পরই নাটক ছেড়ে দেবেন তারা। ফলে তাদের না নাটকে নিয়মিত, না সিনেমায় দেখা যায়। যদিও অধিকাংশের বেলায় আবার সেই নাটকেই ফিরে যেতে হয়। এ ক্ষেত্রে ভিন্নতা দেখা গেছে অভিনেত্রী স্পর্শিয়ার বেলায়। নাটক থেকে সিনেমায় আসার পর কেবল এ মাধ্যমেই ব্যস্ত তিনি। নাটকে ফেরা হয়নি তার।
এখন আর তিনি কোনো নাটকে অভিনয় করেন না। কারণ কী? জানতে চাইলে স্পর্শিয়ার সহজ উত্তর- 'সিনেমা নিয়েই ডুবে থাকতে চাই। সিনেমাটাই ভালো করে করতে চাই। সিনেমার শুটিংয়ে প্রচুর সময় দিতে হয়। তাই নাটকে নেই। থাকতে চাইও না এখন। কারণ যে কোনো একটি মাধ্যমে ঠিকঠাক কাজ করতে চেয়েছিলাম। দুই মাধ্যমে কাজ করে নিজেকে জগাখিচুড়ি বানাতে চাই না।' বাস্তব জীবনে সোজাসাপ্টা কথা বলার মেয়ে স্পর্শিয়া জীবনকেও দেখেন সহজ করে। জটিলতা তার একদম পছন্দ নয়। তবুও বিভিন্ন সময়ে জটিলতা এসে দরোজায় কড়া নাড়ে। সাময়িক মন খারাপ হয়। পরক্ষণেই এড়িয়ে যায় জীবনের জটিলতা।

গত বছর স্পর্শিয়ার বড় পর্দায় অভিষেক হয়েছে। দুটি ছবি মুক্তি পেয়েছে তার। এগুলো হলো 'আবার বসন্ত' এবং 'ইতি, তোমারই ঢাকা'। ২০২০ সালের শুরুতেই স্পর্শিয়া প্রেক্ষাগৃহে থাকছেন নতুন ছবি 'কাঠবিড়ালী' নিয়ে। ছবিটির দৃশ্যধারণ হয়েছিল পাবনার গজারমারা গ্রামে। ফলে সেখানে ইতোমধ্যে ছবিটির প্রিমিয়ার হয়েছে। বিষয়টি একেবারেই নতুন কিছু। কারণ সাধারণত ফ্ল্যাশ লাইটের ঝলকানি, রেড কার্পেট, বিনোদন দুনিয়ার তারকায় ভরপুর থাকে ছবির প্রিমিয়ারে। কিন্তু 'কাঠবিড়ালী'র পরিচালক নিয়ামুল মুক্তা সে পথে হাঁটেননি। তিনি ছবির প্রিমিয়ার করেছেন একেবারে অজ-পাড়াগাঁয়ে।
স্পর্শিয়া জানিয়েছেন, 'আগামী ২৭ জানুয়ারি ছবিটি সারা দেশে মুক্তি পাবে।' কাঠবিড়ালীর পর স্পর্শিয়া অভিনীত ও নূরুল আলম আতিক পরিচালিত 'মানুষের বাগান'ও মুক্তি পাবে এ বছর। নূরুল আলম আতিকের সঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত স্পর্শিয়া। তিনি বলেন, 'আমি যখন বিনোদন অঙ্গনে কাজ শুরু করেছিলাম, তারও আগে নূরুল আলম আতিক ভাইয়ের কাজ সম্পর্কে শুনেছি। আমার সৌভ্যাগ্যই বলতে হয় তার মতো একজন মেধাবী নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করা। এ ছবিতে ভিন্ন এক স্পর্শিয়াকে সবাই খুঁজে পাবে বলে আমার বিশ্বাস। ফলে ছবিটি নিয়ে আর বেশি কিছু বলতে চাই না।' মানুষের বাগান-এর পাশাপাশি একই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ডেনার'-এ অভিনয় করেছেন তিনি। আসছে ভালোবাসা দিবসে ছবিটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হৈচৈ-এ দেখা যাবে এটি। এ ছবিতে তার সহশিল্পী 'স্বপ্নজাল'খ্যাত ইয়াশ রোহান। এদিকে 'উইথ স্পর্শিয়া' নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। স্পর্শিয়া বলেন, 'মূলত ইনফরমাল আড্ডার অনুষ্ঠান এটি। আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্যই এটা করেছি।' ফলে বলাই যায়, ২০২০ সালে যেন স্পর্শিয়ার বৃহস্পতি তুঙ্গেই থাকবে। শুরুটা যেন সে ইঙ্গিতই দিচ্ছে।
