ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালের খেয়া কুইজ ৫৫

জিব্‌রাইলের ডানা

জিব্‌রাইলের ডানা
×

শাহেদ আলী [জন্ম :২৬ মে, ১৯২৫-মৃত্যু :৬ নভেম্বর, ২০০১]

শাহেদ আলী

প্রকাশ: ১৯ মে ২০২২ | ১২:০০

পঞ্চাশের দশকের সবচেয়ে আলোকিত ও আলোচিত ছোটগল্প জিব্‌রাইলের ডানা, যেটা সবার মনে সাড়া জাগিয়ে ছিল, যারা পড়েছেন তাদের মনে রেখাপাত করে আছে এখনও, সেই গল্পের লেখক এবং সুনামগঞ্জের আলোচিত ভাষাসংগ্রামীদের একজন অধ্যাপক শাহেদ আলী, যিনি শুধু বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পীই নন, তিনি ছিলেন একজন সৃজনশীল অনুবাদ-সাহিত্যিক এবং আমাদের অন্যতম শ্রেষ্ঠ গদ্য লেখক।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়ে পাকিস্তান আন্দোলনের তিনি ছিলেন অন্যতম অগ্রগামী সৈনিক। তিনি পত্রিকা সম্পাদনা শুরু করেন ব্রিটিশ আমলে। পাকিস্তান ও বাংলাদেশ আমলে আমাদের সম্পাদকীয় প্রতিষ্ঠান তাঁর অকৃপণ অবদানে হয়েছে সমৃদ্ধ। আজকের দিনের বহু লব্ধ-প্রতিষ্ঠিত সাহিত্যিকের লেখালেখির হাতেখড়ি হয়েছে তাঁর হাতে। ভাষা আন্দোলন ও তমদ্দুন মজলিসের অন্যতম নেতা শাহেদ আলী ছিলেন এদেশের অগণিত সংস্কৃতি-কর্মীর প্রেরণার উৎস। তার জন্ম ১৯২৫ সালের ২৬ মে। বর্তমান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাহমুদপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৩ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এই কথাসাহিত্যিক। তিনি সিলেট এমসি কলেজ থেকে ১৯৪৭ সালে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করেন।
শাহেদ আলী ১৯৫১ সালে বগুড়া আজিজুল হক কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর থেকে ১৯৫৪ পর্যন্ত মিরপুর বাঙলা কলেজ, রংপুর কারমাইকেল কলেজ ও চট্টগ্রাম সিটি কলেজে অধ্যাপনা করেন। তিনি ১৯৫৪ সালে সুনামগঞ্জ থেকে আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। অধ্যাপক শাহেদ আলী ইসলামিক ফাউন্ডেশনের (সাবেক ইসলামিক একাডেমি) প্রতিষ্ঠাতা সচিব ছিলেন।
তাঁর প্রথম গল্পগ্রন্থ জিব্‌রাইলের ডানা যখন প্রকাশিত হয় তখন তিনি প্রচুর প্রশান্তি পান আর সেখানে ফুটিয়ে তোলেন দরিদ্র ঘরের একটি সন্তানের আশা ও আশ্বাসের। তাঁর মনে কোনো ক্ষোভ ছিল না, ছিল সবাইকে আপন করে নেওয়ার এক কোমল মন। জিব্‌রাইলের ডানা গল্প দিয়ে তিনি সাহিত্যে স্থায়ী আসন পেয়েছেন। এই জিব্‌রাইলের ডানা নিয়ে বিশ্বখ্যাত অনেক পরিচালক ছবি করার চেষ্টা করেছেন কিন্তু কোথাও কোনো সমস্যা ছিল বিধায় তা আর হয়ে ওঠেনি। তবে এ নিয়ে তাঁর কোনো আক্ষেপ ছিল না।
তাঁর প্রিয় রং ছিল নীল। তাই গল্পের নায়িকাকেও তিনি নীল রঙে রঙিন করে তুলেছেন বিভিন্ন গল্পে। ১৯৪০ সালে তিনি যখন স্কুলের ছাত্র তখন তাঁর প্রথম গল্প অশ্রু প্রকাশিত হয় সেকালের প্রথম শ্রেণির পত্রিকা মাসিক সওগাত-এ। তিনি প্রায় পঞ্চাশোর্ধ্ব গ্রন্থের লেখক, যার মধ্যে জিব্‌রাইলের ডানা ছাড়াও একই সমতলে, পোড়ামাটির গন্ধ, শা'নজর, অতীত রাতের কাহিনী, অমর কাহিনী বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। এছাড়া তাঁর উপন্যাস হৃদয় নদী এবং নাটিকা 'বিচার'ও উল্লেখযোগ্য।
বাংলা প্রবন্ধসাহিত্যও তাঁর রচনায় সমৃদ্ধ। 'বাংলা সাহিত্যে চট্টগ্রামের অবদান', 'তাওহীদ' ইত্যাদি প্রবন্ধে তথ্য ও তত্ত্ব সমৃদ্ধির সঙ্গে তাঁর রসবোধের সম্মিলন ঘটেছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আল কোরআনের অনুবাদ সংঘেরও তিনি সদস্য ছিলেন। অধ্যাপক শাহেদ আলী তাঁর কীর্তির স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি (১৯৬৪), একুশে পদক (১৯৮৯) ও মাতৃভাষা পদক (১৯৮১), সিলেট লায়ন ক্লাব পদক (১৯৮৫), ইসলামিক ফাউন্ডেশন পদকসহ (১৯৮৬) দেশে-বিদেশে বহু পুরস্কার পেয়েছেন। তাঁর জিব্‌রাইলের ডানা উর্দু, হিন্দি, ইংরেজি ও রাশিয়ান ভাষায় অনূদিত হয়েছে।
প্রশ্ন
১। 'জিবরাইলের ডানা' প্রথম কবে প্রকাশিত হয়?
২। চুয়ান্নর নির্বাচনে কোন দলের হয়ে নির্বাচন করেছিলেন লেখক?
৩। 'নতুন জমিদার' শাহেদ আলীর কোন ধরনের রচনা?
কুইজ ৫৪-এর উত্তর
১। Curriculum Changes in Pakistan with Special References to High School Science Education.
২। ১৯৮৬ থেকে ১৯৯০
৩। ২ বার
কুইজ ৫৪-এর জয়ী
আব্দুল জলিল
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

রাশেদ রহমান শুভ
কক্সবাজার

নিয়ম
পাঠক, কুইজে অংশ নিতে আপনার উত্তর পাঠিয়ে দিন ২৪ মে মঙ্গলবারের মধ্যে কালের খেয়ার ঠিকানায়। পরবর্তী কুইজে প্রথম তিন বিজয়ীর নাম প্রকাশ করা হবে। বিজয়ীর ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার।

আরও পড়ুন

×