ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিবন্ধী দিবসে সুহৃদের র্যালি
৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুহৃদরা
রিফতি আল জাবেদ
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ২৩:৫২
বাংলাদেশের সমাজে প্রতিবন্ধী জনগোষ্ঠী নানা ধরনের বৈষম্যমূলক আচরণ, অবজ্ঞা, অবহেলা ও বিব্রতকর অভিজ্ঞতার শিকার হয়ে থাকে। এর প্রধান কারণ সচেতনতার অভাব। পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার ৯ শতাংশেরও বেশি মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধী বলতে আমরা সাধারণভাবে শারীরিক প্রতিবন্ধিতাকেই বুঝি।
'অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ :প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা' এই প্রতিপাদ্যে ৩ ডিসেম্বর ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সুহৃদ সমাবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আয়োজনের সূচনাপর্বের আলোচনায় ছিলেন যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন শান্তা তাওহীদা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক হাকিম আরিফ।
সুহৃদদের এমন আয়োজনের প্রশংসা করে শান্তা তাওহীদা বলেন, বিশেষ প্রতিবন্ধিতা নিয়ে জন্মেছে এমন শিশুর প্রতি ভালোবাসা ও সহযোগিতা প্রয়োজন।
অধ্যাপক হাকিম আরিফ বলেন, আমাদের সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ ও প্রতিবন্ধী মানুষ যারা আছেন তাঁদের একীভূত করতে হবে। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। এ সচেতনতা বৃদ্ধির মূল কাজটি করতে হবে আজকের তারুণ্যের। সংক্ষিপ্ত বক্তব্য শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুহৃদ ও ঢাকা কেন্দ্রীয় কমিটির সুহৃদদের অংশগ্রহণে র্যালি সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় পাঠাগার হয়ে ডাকসু অতিক্রম করে পুনরায় সামাজিক বিজ্ঞান ভবনের সামনে এসে শেষ হয়।
এরপর র্যালি-পরবর্তী আলোচনা সভা হয়। অতিথি ছিলেন সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান। আয়োজনে যুক্ত হন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফরিদুল ইসলাম নির্জন, যুগ্ম আহ্বায়ক রাসেল আল মাহমুদ, সদস্য শাহীন আলম শাওন, সাইফুর রহমান সাইফ, হাবিবুর রহমান, ঢাবি সুহৃদ রিফতি-আল-জাবেদ-জাবেদসহ অনেকেই।
সুহৃদ ঢাকা বিশ্ববিদ্যালয়
- বিষয় :
- প্রতিবন্ধী দিবস
- র্যালি
- ঢাকা বিশ্ববিদ্যালয়