যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুযোগ
জাবেদ ইকবাল
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৮:০০
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু স্কলারশিপের সুযোগ রয়েছে বিদেশি শিক্ষার্থীদের জন্য। সেসব হলো–
ইউ আর ওয়েলকাম হিয়ার
বাছাই করা আন্তর্জাতিক পরিসরের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের এ স্কলারশিপের সুযোগ দেওয়া হয়। আন্তঃসাংস্কৃতিক বৈচিত্র্যকে গ্রহণ করাই শিক্ষাবৃত্তির অন্যতম উদ্দেশ্য।
ইন্টারন্যাশনাল টিউশন গ্র্যান্ট
যুক্তরাষ্ট্রের বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য প্রথম বর্ষের এই স্কলারশিপটি রেসিডেন্সি স্ট্যাটাসও রয়েছে। এই স্কলারশিপ প্রদানের সময় শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক দক্ষতা, পড়াশোনার বাইরে অন্যান্য কার্যক্রমে সংযুক্ততা, আবেদনপত্রের নিবন্ধ, ইংরেজি ভাষায় দক্ষতা এবং ভৌগোলিক বৈচিত্র্য– এই মাপকাঠিগুলো মাথায় রাখা হয়।
এ ক্ষেত্রে আবেদনের সময়সীমার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রতিবছর ১ ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করে থাকেন, তাদের ক্ষেত্রেই স্কলারশিপপ্রাপ্তির হার বেশি।
গ্লোবাল অ্যাম্বাসাডর গ্র্যান্ট
প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা এরই মধ্যে প্রতিভার পরিচয় দিয়েছেন, কিন্তু ইন্টারন্যাশনাল টিউশন গ্র্যান্টের জন্য যোগ্য বিবেচিত হতে পারেননি, তাদের জন্য এই স্কলারশিপটি।
প্রেসিডেন্সিয়াল স্টাডি অ্যাব্রোড স্কলারশিপ
যুক্তরাষ্ট্রের বাইরে এমএসইউ কর্তৃক স্পন্সরকৃত বিদেশে পড়াশোনার প্রোগ্রামের জন্য এই শিক্ষাবৃত্তিটি দেওয়া হয়। এতে প্রোগ্রামের মেয়াদের ওপর নির্ভর করে ৩ থেকে ৫ হাজার মার্কিন ডলার অর্থায়ন করা হয়। এই বৃত্তিটি অবশ্যই ভর্তি হওয়ার পরবর্তী প্রথম ৮ সেমিস্টার, নয়তো আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি সম্পূর্ণ করা পর্যন্ত ব্যয় করতে হবে।এ ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আরও কয়েকটি স্কলারশিপ রয়েছে, যার জন্য অনার্স কলেজে ভর্তি প্রক্রিয়ায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকতে হবে।
- বিষয় :
- মিশিগান স্টেট ইউনিভার্সিটি
- স্কলারশিপ