পুরনো ফ্যাসিবাদ ফিরতে পারবে না, নতুন জন্ম হবে না : মামুনুল হক
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০১:৪৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মামুনুল হক বলেছেন, পুরনো ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন ফিরতে পারবে না। নতুন ফ্যাসিবাদের জন্মও হতে পারবে না। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদকে চিরতরে উৎখাতে।
মঙ্গলবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেটে বাংলাদেশ খেলাফতের ঢাকা মহানগর শাখার মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেছেন মামুনুল হক। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারকে গণপ্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি, বরং বাংলাদেশকে অনিরাপদ অবস্থায় রেখে পালিয়ে গেছে।
বাংলাদেশ খেলাফত আমির বলেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আগুন সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
সরকারের উদ্দেশ্যে মামুনুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যার্পন চুক্তির আওতায় ফিরিয়ে এনে গণহত্যার আসামি হিসেবে আদালতের মাধ্যমে শাস্তি কার্যকর করতে হবে। গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ গত ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগের স্থান নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ডাকা ঐক্যের জন্য গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান মামুনুল হক। তিনি বলেছেন, এর মাধ্যমে পথ রুদ্ধ করতে হবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে জুলাই সনদ কার্যকর করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে হবে।
বাংলাদেশ খেলাফতের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলটির নায়েবে আমির মাহবুবুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ জ্যেষ্ঠ নেতারা।
- বিষয় :
- বিক্ষোভ
- সমাবেশ
- মামুনুল হক