বিশ্বকাপ খেলতে না পারার ভয়ে ছিলেন ইয়ামাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৬:৫১ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৮:৫৬
চোটে পড়েছিলেন বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে। গত ২২ এপ্রিল স্প্যানিশ লা লিগায় সেলটা ভিগোর বিপক্ষে বার্সার জয়ের ম্যাচে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন লামিন ইয়ামাল। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে উদযাপনের সময় ডাগআউটের দিকে ইঙ্গিত দেন পায়ে টান লাগার। ফিজিও শুশ্রূষা নিয়েও বাকি সময় খেলা চালিয়ে যেতে পারেননি। পরীক্ষার পর ক্লাব বার্সেলোনা জানায় ইয়ামালের বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরার খবরটি। একই সঙ্গে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে পড়েন তিনি।
হ্যামস্ট্রিং এই চোটে পড়ার পর ইয়ামালের মনে স্পেনের হয়ে বিশ্বকাপ খেলতে না পারার ভয় কাজ করেছিল। চোট যেন গুরুতর না হয়, সেই প্রার্থনাও করেছিলেন বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত ভিডিওতে জানান ইয়ামাল, ‘চোট পাওয়ার মুহূর্তটা আমার মনে আছে। মনে মনে প্রার্থনা করছিলাম, যেন গুরুতর কিছু না হয়, শুধু পেশিতে সামান্য টান লাগা বা ও রকম কিছু, কারণ বিশ্বকাপ খুব কাছে ছিল। আমি জানতাম যে হ্যামস্ট্রিংয়ের চোট, যদিও আমার আগে কখনও এমন হয়নি। ভয় পাচ্ছিলাম যে, এটা গুরুতর কিছু অথবা চোট আবার ফিরে আসতে পারে, আর তাতে আমি বিশ্বকাপ খেলতে পারব না।’
১৮ বছর বয়সী ইয়ামাল এখন বিশ্বকাপের জন্য স্পেন দলের সঙ্গে যোগ দিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে তিনি খেলার জন্য ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে খেলতে অধীর হয়ে আছেন ইয়ামাল, ‘প্রত্যাশা বেশি হলে আরও ভালো খেলি, নিজের খেলার মান উন্নত হয়। আমার প্রত্যাশা যদি অন্য কোনো খেলোয়াড়ের মতো হতো, তাহলে হয়তো এই পর্যায়ে আসতে পারতাম না। এভাবেই ভালো লাগে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেই এবং উপভোগ করি। অবশেষে সেই মুহূর্তটা এসে গেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার পর থেকেই আমরা সবাই এই দিনটার কথা ভাবছিলাম। আমরা সবাই খুব রোমাঞ্চিত। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামব এবং সবকিছু জেতার জন্যই লড়ব।’
আগামী ১৫ জুন নবাগত কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। তার আগে আগামী বৃহস্পতিবার ইরাকের বিপক্ষে ও ৯ জুন পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।
- বিষয় :
- লামিন ইয়ামাল
- স্পেন
- বিশ্বকাপ ফুটবল
