শিউলির শোককে শক্তিতে রূপান্তরের আশা মারিয়াদের
ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১২:৩২
বুধবার ভোরে খবরটি চলে যায় ভারতের গোয়ায় শিউলি আজিমের কাছে। সবচেয়ে কাছের মানুষ প্রিয় মা বাসনা আজিমের মৃত্যুর সংবাদটি। মায়ের মৃত্যুতে শিউলির কান্না ছুঁয়ে যায় বাংলাদেশ নারী দলের শিবিরে। সতীর্থের মায়ের মৃত্যুতে মানসিকভাবে ধাক্কা খান মারিয়া মান্দা মনিকা চাকমারা। শিউলির মায়ের মৃত্যুতে বাতিল করা হয় গতকাল মঙ্গলবার বাংলাদেশ দলের নিয়মিত অনুশীলন।
শিউলির এই শোককে শক্তিতে রূপান্তর করে নেপালের বিপক্ষে জয়ের আশা পিটার বাটলারের দলের। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বিকেল সাড়ে ৪টায় ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে হিমালয় কন্যাদের। একই দিন দ্বিতীয় সেমিফাইনালে রাত সাড়ে ৮টায় ভুটানের বিপক্ষে খেলবে ভারত।
সর্বশেষ দুটি সাফেই এই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক শিরোপার মিশনে এবার ভারতে যাওয়া দলটির পারফরম্যান্সে এখনও পর্যন্ত আশাব্যঞ্জক নয়। গ্রুপ পর্বে মালদ্বীপের বিপক্ষে কোনোমতে জিতলেও ভারতের কাছে ৩ ০ গোলের পরাজয়ে বড় ধাক্কা খায় মারিয়া মান্তা মনিকা চাকমারা। ভারত ম্যাচের পর খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন কোচ পিটার বাটলার। দলের মধ্যেও সেই বোঝাপড়াটা চোখে পড়েনি এবার। বলতে গেলে এই বাংলাদেশ ছন্নছড়া।
তাই তো শিউলির মায়ের মৃত্যুতে গতকাল মঙ্গলবার সকালে অনুশীলন বাতিল করলেও বিকেলে নেমে পড়লেন সমুদ্রসৈকতে। মাঠে কৌশলগত অনুশীলন না করালেও ভিডিও সেশনে নেপাল ম্যাচের ছক বুঝিয়ে দিয়েছেন বাটলার। আর এই সময় সবার চোখ ছিল শিউলির দিকে। মায়ের মৃত্যুতে বাংলাদেশে না এসে দেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার পণ করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। ফাইনালে ওঠার লড়াইয়ে শিউলিকে খেলানোর পরিকল্পনা আছে বাংলাদেশ কোচের।
গ্রুপ পর্বে বাংলাদেশ এক ম্যাচ জিতলেও নেপালে জিতেছে নিজেদের দুটি ম্যাচেই। গ্রুপ ‘এ’তে ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারের টিকিট কাটে হিমালয় কন্যারা। ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে বাংলাদেশের কাছে পরপর দুবার ফাইনালে হারা নেপাল এবার আটঘাট বেঁধেই নেমেছে। দলে আছেন সাবিত্রা ভান্ডারির মতো বড় তারকা, যাঁর গতি বাংলাদেশের রক্ষণের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভয়ের আরেকটি কারণ হলো বাংলাদেশের এলোমেলো রক্ষণভাগ।
বাজে ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার। বাকিরা খুব একটা ভালো করছেন না। আর মধ্যমাঠে মনিকা চাকমার আগের সেই ফর্ম নেই। আক্রমণভাগে তহুরা খাতুনও নিজেকে মেলে ধরতে পারছেন না। তাই আজকের সেমিফাইনালে তিন বিভাগ নিয়েই চিন্তা করতে হচ্ছে বাটলারকে।
- বিষয় :
- বাংলাদেশ
- নেপাল
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ
