মেসি পরবর্তী আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:৩৩
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের পর এবার নভেম্বরের আন্তর্জাতিক বিরতির প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। এ সময় দেশের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বিশ্বচ্যাম্পিয়নরা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে উরুগুয়ে ও কোস্টারিয়া।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি হলে তা হবে ‘রিও দে লা প্লাতা ডার্বি’। তবে ম্যাচটির আয়োজন এখনো চূড়ান্ত হয়নি।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম ম্যাচটি আর্জেন্টিনার অন্য কোনো স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে। সেই ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আলবিসেলেস্তেদের। দুই ম্যাচের ভেন্যু ও প্রতিপক্ষ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। নিজেদের শেষ তিন প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০, বুরকিনা ফাসোকে ৭-০ এবং বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে তারা। বেনিনের বিপক্ষেই মনুমেন্তাল স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলেন মেসি।
আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতি। এ সময়ের সূচি চূড়ান্ত হলে মেসির বিদায়ের পর নতুন অধ্যায়ে আর্জেন্টিনার প্রথম ম্যাচগুলোর প্রতিপক্ষও নিশ্চিত হবে।
- বিষয় :
- আর্জেন্টিনা
- উরুগুয়ে
- কোস্টারিকা