পিডব্লিউডিকে হারিয়ে মোহামেডানের টানা তিন জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ১৭:৩১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১৭:৪১
প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর আর হতাশ হতে হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। সোলেমান দিয়াবাতে ও মিনহাজ রাকিবের গোলে পিডব্লিউডিকে ২-০ ব্যবধানে হারিয়েছে সাদা-কালোরা। এই জয়ে লিগে টানা তিন ম্যাচ জিতল তারা।
শুক্রবার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে চতুর্থ রাউন্ডের ম্যাচে গোলের জন্য শুরু থেকেই আক্রমণ চালায় মোহামেডান। তবে সোহেল রানা জুনিয়র ও মোজাফফর মোজাফফরভের একাধিক চেষ্টা ব্যর্থ হয়। প্রথমার্ধে পিডব্লিউডিও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু এমবিদা ইয়োহানের শট পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পর বদলি হিসেবে নামা ইমানুয়েল সানডের ক্রস থেকে হেডে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন দিয়াবাতে। ৭৮তম মিনিটে দিয়াবাতের কাটব্যাক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন মিনহাজ রাকিব। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে, চার ম্যাচে তিন ড্র ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে পিডব্লিউডি।
- বিষয় :
- মোহামেডান