বইয়ের খোঁজ
ছোট্ট লাবুর যত্তো লজিক
আশিক মুস্তাফা
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
কিসমতপুর হাইস্কুলের বাংলার শিক্ষক সৈয়দ মোহাম্মদ সিরাজউদ্দৌলা। ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বাংলা প্রথম পত্র পড়ান তিনি। সিরাজ স্যার মানুষ ভালো। কিন্তু তাঁর এলুমিনিয়াম বডি। অল্পতে গরম হয়ে যান। আবার অল্পতেই ঠাণ্ডা। ‘থাপ্পড় দিয়ে এ গালের দাঁত ও গালে নিয়ে যাব’–হচ্ছে সিরাজ স্যারের সবচেয়ে প্রিয় সংলাপ। যদিও থাপ্পড় দেওয়া দূরে থাক, এখন পর্যন্ত কোনো স্টুডেন্টের কান ধরে একটা টান পর্যন্ত দেননি তিনি।
স্কুলে আরও একজন সিরাজ স্যার আছেন। তিনিও সৈয়দ বংশের। মোহাম্মদ সিরাজউদ্দিন সৈয়দ। তিনি কী পড়ান? তাঁর আচরণটাই বা কেমন? তিনিও এমন কোনো ডায়ালগ দেন? তা বাপু তোমরাই পড়ে জেনে নাও! আর শোনো, কিসমতপুর হাইস্কুলে ‘দুষ্টের শিরোমণি’ খেতাব পাওয়া ছাত্রের নাম লাবু। তার দুষ্টুমিতে ত্যক্ত-বিরক্ত হয়ে স্বয়ং ডেপুটি হেডস্যার আনুষ্ঠানিকভাবে লাবুকে এই খেতাবে ভূষিত করেছেন। লাবুও এই খেতাবের যথাযথ মর্যাদা দেওয়ার চেষ্টা করেন! মানে খেতাবের সাথে পাল্লা দিয়ে বাড়ে লাবুর দুষ্টুমি।
লজিক লাবুর মূল বৈশিষ্ট্য হলো, বিভিন্ন পরিস্থিতিতে তার যৌক্তিক বাক্যালাপ আর বুদ্ধির ফাঁদে ফেলে অন্যদের নাকানিচুবানি খাওয়ানো। কখনো স্কুলের টিচার, কখনো-বা তার সহপাঠীরা এই বুদ্ধির শিকার! লাবুর চিকন বুদ্ধির শিকার হয়ে ঘটেছে দারুণ মজার সব ঘটনা। এসব মজাদার ঘটনার বিবরণ পাওয়া যাবে এখানে। কোথায়? বলছি, লজিক লাবু সিরিজের উপন্যাসগুলোর পাতায়। উপন্যাসগুলো?
হুম এখানে একটা নয়; একেএকে পাবে– সিন্দুকের সন্ধানে, বাবুদের বাজিমাত, গুপ্তবাবুর গুপ্তধন, স্বর্ণচুরি রহস্য এবং সেই সঙ্গে লজিক লাবু তো আছেই। এটিই সিরিজের প্রথম বই। এই পাঁচটি কিশোর উপন্যাস একসঙ্গে প্রকাশিত হলো–লজিক লাবু সমগ্র ১। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি.। ১১০০ টাকা দামের এই সমগ্রের প্রচ্ছদ করেছেন শিল্পী মানব। ও লজিক লাবু সমগ্রের লেখকের কথাই তো বলা হলো না! তিনি হচ্ছেন তোমাদের প্রিয় লেখক পলাশ মাহবুব। প্রিয় লেখকের এই লজিক লাবু সমগ্র পাওয়া যাবে যে কোন বইয়ের দোকানে। পাওয়া যাবে অনলাইনেও। চাইলে তোমরা ০১৩১৩ ৭৭০৯৫৭ এই নম্বরে কল করেও সংগ্রহ করতে পারো। পড়ে জানিও আমাদের, কেমন লাগলো; ঠিক আছে?
- বিষয় :
- বই