ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চির নতুন

খুকী ও কাঠ্‌বেরালি

খুকী ও কাঠ্‌বেরালি
×

কা জী ন জ রু ল ই স লা ম

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

কাঠ্‌বেরালি! কাঠ্‌বেরালি! পেয়ারা তুমি খাও?
গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? বাতাবি নেবু? লাউ?
বেড়াল-বাচ্চা? কুকুর-ছানা? তাও?–

ডাইনী তুমি হোঁৎকা পেটুক,
খাও একা পাও যেথায় যেটুক!
বাতাবি-নেবু সকলগুলো
এক্‌লা খেলে ডুবিয়ে নুলো!
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?
ছোঁচা তুমি! তোমার সঙ্গে আড়ি আমার! যাও!

কাঠ্‌বেরালি! বাঁদ্‌রীমুখী! মারবো ছুঁড়ে কিল?
দেখ্‌বি তবে? রাঙাদা’কে ডাকবো? দেবে ঢিল!
পেয়ারা দেবে? যা তুই ওঁচা!
তাইতো তার নাকটি বোঁচা!
হুত্‌মো-চোখী! গাপুস্‌ গুড়ুস্‌!
এক্‌লাই খাও হাপুস্‌ হুপুস্‌!
পেটে তোমার পিলে হবে! কুড়ি-কুষ্টি মুখে!
হেই ভগবান! একটা পোকা যাস্‌ পেটে ওর ঢুকে!

ইস্‌। খেয়ো না মস্তপানা ঐ সে পাকাটাও!
আমিও খুবই পেয়ারা খাই যে! একটি আমায় দাও!
কাঠ্‌বেরালি! তুমি আমার ছোড়দি’ হবে? বৌদি হবে? হুঁ,
রাঙা দিদি? তবে একটা পেয়ারা দাও না! উঁঃ!

এ রাম! তুমি ন্যাংটা পুঁটো?
ফ্রকটা নেবে? জামা দু’টো?
আর খেয়ো না পেয়ারা তবে,
বাতাবি নেবুও ছাড়্‌তে হবে!
দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট? অ-মা দেখে যাও!–
কাঠ্‌বেরালি! তুমি মর! তুমি কচু খাও!

আরও পড়ুন

×