ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এড়িয়ে চলুন যেসব ভুল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে এড়িয়ে চলুন যেসব ভুল
×

 ডা. সাবরিনা গিয়াস

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৭:২০

| প্রিন্ট সংস্করণ

ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী সবচেয়ে প্রচলিত রোগের একটি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। অনেকেই নিজের অজান্তে প্রতিদিন এমন কিছু ছোট ছোট ভুল করেন, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার ওপর ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেকটাই নির্ভর করে।
আমরা জানি, শারীরিকভাবে সক্রিয় থাকলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি ডায়াবেটিক রোগীদের রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। তাই জীবনযাপনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব।
অতিরিক্ত খাওয়া ও স্থূলতা ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ। ধারাবাহিকভাবে অতিরিক্ত খাওয়ার ফলে শরীরের ওজন বাড়ে এবং স্থূলতা দেখা দেয়। স্থূলতা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। যার ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
অত্যধিক চিনিযুক্ত খাবার ও পানীয় গ্রহণও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। ঘন ঘন এসব খাবার খাওয়ার ফলে শরীরের জন্য ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

পরিশোধিত শর্করার পরিবর্তে কম পরিশোধিত শস্যজাত খাবার খাওয়া ভালো। যেমন– ফল, গোটা শস্য, সিরিয়াল ইত্যাদি। খাদ্য তালিকায় বাদামি চাল, ওটমিলসহ বিভিন্ন গোটা শস্যজাত খাবার রাখা উচিত।
অনেকেই ফলের পরিবর্তে ফলের রস পান করেন, যা ঠিক নয়। গোটা ফলে প্রচুর ফাইবার থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই সম্ভব হলে ফলের রসের বদলে গোটা ফল খাওয়াই ভালো।
সকালের নাশতা বাদ দেওয়া ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্যকর সকালের নাশতা শরীরের বিপাকক্রিয়া সক্রিয় করে এবং সারাদিনে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নাশতা না করলে পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে, যা ইনসুলিন সংবেদনশীলতাকে প্রভাবিত করতে পারে।
উচ্চ চর্বিযুক্ত খাবার, বিশেষ করে স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাটসমৃদ্ধ খাবার ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত করতে পারে। প্রক্রিয়াজাত বা ভাজাপোড়া খাবারে এসব উপাদান বেশি থাকে।
খাদ্যতালিকায় পর্যাপ্ত ফাইবার না থাকলেও রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করতে পারে। ফাইবারযুক্ত খাবার হজমে বেশি সময় লাগে। ফলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফল ও গোটা শস্য অন্তর্ভুক্ত করা জরুরি।
লেখক : সহকারী রেজিস্ট্রার (মেডিসিন), ফরিদপুর মেডিকেল কলেজ

আরও পড়ুন

×