ফুড পয়জনিং হলে যা করবেন
ডা. আবদুল্লাহ শাহরিয়ার
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা প্রায় সব পরিবারেই কোনো না কোনো সময় দেখা যায়। সাধারণত পচা, বাসি বা জীবাণুযুক্ত খাবার ও পানীয় গ্রহণের ফলে এই সমস্যা হয়। অনেক সময় খাবার ভালো হলেও অপরিষ্কার পাত্রে পরিবেশনের কারণে জীবাণু সংক্রমণ ঘটে এবং সেখান থেকেও ফুড পয়জনিং হতে পারে।
খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ প্রায় একই রকম হয়। পেটে ব্যথা, ডায়রিয়া, বমি, হজমে সমস্যা এবং অনেক ক্ষেত্রে জ্বর দেখা দেয়। অনেক সময় সাধারণ ডায়রিয়ার সঙ্গে এর পার্থক্য বোঝা কঠিন হয়ে পড়ে।
এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শরীরের পানিশূন্যতা রোধ করা। রোগীকে নিয়মিত খাবার স্যালাইন খাওয়াতে হবে। বমি ও পাতলা পায়খানার কারণে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়, তাই স্যালাইন অত্যন্ত কার্যকর।
রোগীর অবস্থার ওপর নির্ভর করে চিকিৎসক জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে পারেন। জ্বর থাকলে প্যারাসিটামল গ্রহণ করা যেতে পারে। তবে অযথা ব্যথানাশক বা অ্যান্টিস্পাসমোডিক ওষুধ ব্যবহার করা ঠিক নয়।
কিছু ঘরোয়া উপায়েও উপকার পাওয়া যায়। আদা হজমে সহায়তা করে এবং বমিভাব কমায়। জিরা পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। তুলসি পাতা সংক্রমণ প্রতিরোধে সহায়ক। কলা শরীরের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে এবং আপেল হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। লেবুর রস ব্যাকটেরিয়ার কার্যকারিতা কমাতে সহায়ক।
তবে উপসর্গ গুরুতর হলে বা দীর্ঘস্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
লেখক: বিভাগীয় প্রধান, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।
- বিষয় :
- অসুখ
