৬ নবজাতক মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা, বৃহস্পতিবার গণমাধ্যমে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন হাসপাতাল
আদ-দ্বীন হাসপাতাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৮:৫৯
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি বৃহস্পতিবার তাদের রিপোর্ট জমা দেবে। ওইদিন বিকেল ৪টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অনেক সময় আসামিপক্ষ সুবিধা নেওয়ার সুযোগ পায়। তবে এই ঘটনায় সেই সুযোগ থাকবে না।
মন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনকে ঘিরে কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। তাঁর ভাষ্য, বাস্তবতা হলো, ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই মামলায় তারা কোনো সুবিধা পাবে না, এই অপরাধে কোনো ছাড়ও পাবে না।
