ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৬০০

হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৬০০
×

বাবার কোলে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু। ফাইল ছবি/সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৮:১৩ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ১৮:২৩

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১১ শিশু। একই সময়ে পরীক্ষার মাধ্যমে হামে আক্রান্ত হয়ে ৯০ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জনে পৌঁছেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরও ১ হাজার ২১০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৫ হাজার ৯৪২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্ত শিশুকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন

×