ডাবের পানি: প্রাকৃতিক পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা
ডা. তারিক হাসান
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
এক গ্লাস সুস্বাদু ডাবের পানি শুধু দেহ-মনে প্রশান্তির ছোঁয়াই এনে দেবে না; আপনি শুনে বিস্মিত হবেন যে এর এক অলৌকিক গুণ, যা ওজন কমিয়ে আপনাকে সুস্থ ও সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাবের পানি একটি প্রাকৃতিক ও পুষ্টিকর পানীয়, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে ইলেকট্রোলাইট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। পানিশূন্যতা দূর করতে ডাবের পানি কার্যকর ভূমিকা রাখে। এটি শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
ডাবের পানিতে থাকা ভিটামিন-বি কমপ্লেক্স ও অন্যান্য উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা পটাশিয়াম পেশি গঠনে সহায়তা করে এবং হৃদস্বাস্থ্য ভালো রাখে। এ ছাড়া ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে। ভিটামিন-এ ও সি ত্বক ও চুলের জন্য উপকারী। ডাবের পানিতে ফাইবার ও সামান্য প্রোটিন থাকায় এটি হজমে সহায়তা করে এবং শরীরের বর্জ্য অপসারণে ভূমিকা রাখে।
এক কাপ ডাবের পানিতে তিন গ্রাম ফাইবার থাকে, যা অন্যান্য পানীয়র তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ কোলা ও সোডা। ফাইবার পরিপাকের মাধ্যমে খাদ্য শোষণের ক্ষমতা কমিয়ে দেয়। আধুনিক গবেষণায় দেখা গেছে, ফাইবার শরীর থেকে বর্জ্য পদার্থ নির্মূল করে শরীর সুস্থ রাখে। ডায়েটেশিয়ান ও জিম ইন্সট্রাক্টররা খাদ্য তালিকায় সব সময় প্রচুর পরিমাণ প্রোটিন রাখার পরামর্শ দেন। এক কাপ ডাবের পানিতে রয়েছে দুই গ্রাম প্রোটিন। তাই ব্যায়ামের পরে স্পোর্টস ড্রিংক হিসেবে বেছে নিতে পারেন ডাবের পানি। অন্যান্য স্পোর্টস ড্রিংকে থাকে প্রচুর পরিমাণে চিনি, ক্যালরি ও ফ্যাট। গবেষকদের মতে, ওজন হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি।
লেখক : মেডিকেল অফিসার, শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী।
- বিষয় :
- ডাবের পানি
