চিকিৎসা সংকটে দেশে বাড়ছে আঘাতজনিত মৃত্যু ও পঙ্গুত্ব
ছবি- এআই দিয়ে তৈরি
তবিবুর রহমান
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:৩১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৯:১২
| প্রিন্ট সংস্করণ
দেশে দুর্ঘটনা ও আঘাতে প্রতিদিন গড়ে ২৬৮ জনের মৃত্যু হচ্ছে, স্থায়ী প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন ৩৮০ জন। আহত হচ্ছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এমন চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে। অথচ জরুরি চিকিৎসা ও পুনর্বাসনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। পর্যাপ্ত পুনর্বাসনব্যবস্থাও নেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গুরুতর আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর ট্রমা সেন্টার, সমন্বিত জরুরি চিকিৎসাব্যবস্থা ও পুনর্বাসনসেবা গড়ে তুলতে হবে। এসব ব্যবস্থা নিশ্চিত করা গেলে আঘাতজনিত মৃত্যু ও প্রতিবন্ধিতার বোঝা কমানো সম্ভব। পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগ, হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা এবং মহাসড়কে নিরাপদ অবকাঠামো নির্মাণ জরুরি।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সড়কের পাশে নির্মিত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি সেবা সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্ঘটনা ও আঘাতের শিকার মানুষের জীবন রক্ষা, দ্রুত চিকিৎসা এবং পুনর্বাসন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ শনিবার বিশ্ব ট্রমা দিবস পালিত হচ্ছে।
২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশ স্বাস্থ্য ও দুর্ঘটনা জরিপটি যৌথভাবে পরিচালনা করে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। দেশের ৬৪ জেলার শহর ও গ্রামের এক লাখ ১০ হাজার পরিবারের চার লাখ ৩৯ হাজার ৭০০ সদস্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।
জরিপের তথ্য অনুযায়ী, দেশে বছরে দুর্ঘটনা ও আঘাতজনিত কারণে প্রায় ৯৮ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে প্রধান চারটি কারণ হলো সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডোবা ও পড়ে যাওয়া। এসব কারণে প্রতিদিন গড়ে ২১১ জনের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় বছরে মারা যান ২৪ হাজার ২৩৩ জন, অর্থাৎ প্রতিদিন গড়ে ৬৬ জন। আত্মহত্যায় বছরে ২০ হাজার ৫০৫ জনের মৃত্যু হয়, প্রতিদিন গড়ে ৫৬ জন। পানিতে ডুবে বছরে প্রাণ হারান ১৮ হাজার ২৬৮ জন, দিনে গড়ে ৫০ জন। আর পড়ে গিয়ে বছরে মারা যান ১৪ হাজার ২৬৮ জন, প্রতিদিন গড়ে ৩৯ জন। এ ছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, সহিংসতা, প্রাণী ও কীটপতঙ্গের কামড়, পুড়ে যাওয়া, বিষপান, শ্বাসরোধ এবং ধারালো বস্তু ও যন্ত্রপাতির আঘাতেও প্রাণহানির ঘটনা ঘটে।
২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগে ধীরগতি
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত জরুরি চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে ২৪টি ট্রমা সেন্টার নির্মাণ করে সরকার। এগুলোকে নতুন নামে ‘অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়ার কথা জানানো হলেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। পরিকল্পনা ছিল, এসব কেন্দ্রে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পাশাপাশি অন্যান্য আঘাতের শিকার ব্যক্তিদেরও চিকিৎসা দেওয়া হবে। কিন্তু নির্মাণের পর অধিকাংশ কেন্দ্রই দীর্ঘদিন কার্যক্রমহীন থেকেছে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, যন্ত্রপাতি ও অন্যান্য জনবলের অভাব এর অন্যতম কারণ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরে ১০টি এবং ২০১০ সালে আরও ১৪টি ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব অবকাঠামো নির্মাণে অন্তত ১৪০ কোটি টাকা ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল এর আগে বলেছিলেন, শুধু ট্রমা সেন্টারের তালা খুলে দিলেই হবে না। প্রতিটি কেন্দ্রে কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, তা নির্ধারণ করে তাদের নিয়োগ বা পদায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি অ্যাম্বুল্যান্স সেবার সঙ্গে ট্রমা সেন্টারগুলোর সমন্বয় জরুরি। গুরুতর আহত হয়ে যাঁরা প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। তা না হলে তারা সমাজের বোঝা হয়ে থাকবেন। এটি অর্থনীতির জন্য আরও বড় হুমকি।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, দেশের বিভিন্ন স্থানে বিপুল অর্থ ব্যয়ে ট্রমা সেন্টার নির্মাণ করা হলেও সেগুলো দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে রয়েছে। ফলে জরুরি মুহূর্তে দূরদূরান্তের রোগীদের রাজধানীতে ছুটতে হচ্ছে। হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে।
প্রতিদিন ৩৮০ জন স্থায়ী প্রতিবন্ধিতার শিকার
জরিপ অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৩৮০ জন স্থায়ী প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ স্থায়ীভাবে প্রতিবন্ধী হচ্ছেন পড়ে গিয়ে। এ সংখ্যা প্রতিদিন গড়ে ১৫৯ জন। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১০৪ জন স্থায়ী প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন।
এ ছাড়া ভোঁতা বস্তুর আঘাতে প্রতিদিন ২৯ জন, ধারালো বস্তু ও যন্ত্রপাতির আঘাতে ১৮ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ জন এবং সহিংসতায় ১৪ জন স্থায়ী প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন। প্রাণী ও কীটপতঙ্গের কামড়ে ১২ জন এবং পুড়ে গিয়ে আটজন প্রতিদিন স্থায়ী প্রতিবন্ধিতার শিকার হচ্ছেন।
পড়ে গিয়ে আহত ব্যক্তিদের বড় একটি অংশ বয়স্ক। তাদের ক্ষেত্রে সময়মতো চিকিৎসা ও যথাযথ পুনর্বাসনের অভাব স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে একজন উপার্জনক্ষম ব্যক্তির পাশাপাশি তাঁর পুরো পরিবারও আর্থিক সংকটে পড়তে পারে।
প্রতিদিন আহত ৪৫ হাজারের বেশি মানুষ
জরিপের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৪৫ হাজার ৪০৮ জন দুর্ঘটনা ও আঘাতের শিকার হন। তাদের মধ্যে ৯১ দশমিক ৬ শতাংশের আঘাত মাঝারি ধরনের। গুরুতর আঘাতের শিকার ৬ দশমিক ৩ শতাংশ এবং মারাত্মক আঘাতের শিকার ১ দশমিক ৩ শতাংশ।
সব আহত ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন না হলেও গুরুতর ও ভয়াবহ আঘাতের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। দুর্ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার, প্রশিক্ষিত জরুরি সেবাকর্মী, কার্যকর অ্যাম্বুলেন্স, অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুবিধা নিশ্চিত করা গেলে অনেকের জীবন বাঁচানো সম্ভব।
দুর্ঘটনার পর শারীরিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনও গুরুত্বপূর্ণ। গুরুতর দুর্ঘটনা, সহিংসতা বা নির্যাতনের অভিজ্ঞতা থেকে মানসিক চাপ তৈরি হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী আহত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে হবে।
জরুরি সেবায় নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করতে সরকার ৬০টি ‘পোস্ট-ক্র্যাশ রেসপন্স অ্যাম্বুলেন্স’ দিয়েছে। ঢাকা মহানগরে দুর্ঘটনা-পরবর্তী সেবার জন্য ব্যবহার করা হচ্ছে ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের জন্য রয়েছে ৮০টি প্যাট্রল মোটরসাইকেল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০০ কিলোমিটার মহাসড়কের তিনটি করিডোরে বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) অ্যাম্বুলেন্স হিসেবে ৬০টি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। করিডোরগুলো হলো জয়দেবপুর থেকে রাজশাহী ২২৭ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ ১০০ কিলোমিটার এবং হাটিকুমরুল থেকে বগুড়া হয়ে রংপুর ১৭০ কিলোমিটার।
তবে জরুরি সেবা কার্যকর করতে শুধু অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। দুর্ঘটনাস্থল থেকে রোগী উদ্ধার, দ্রুত হাসপাতালে পৌঁছানো, প্রয়োজনীয় চিকিৎসা এবং হাসপাতালগুলোর মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলাও জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আঘাতজনিত মৃত্যু ও দীর্ঘমেয়াদি প্রতিবন্ধিতা জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ। সড়কের নিরাপত্তা নিশ্চিত করা, বেপরোয়া গাড়ি চালানো নিয়ন্ত্রণ, চালকের ক্লান্তিজনিত ঝুঁকি কমানো, নিরাপদে সড়ক পারাপার এবং শিশু ও বয়স্কদের পড়ে যাওয়ার ঝুঁকি কমানোর মতো প্রতিরোধমূলক ব্যবস্থা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম বলেন, সড়কে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের মধ্যে পথচারীরা অন্যতম। বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচের’ মূল দর্শন হলো, মানুষ ভুল করলেও সেই ভুল যেন মৃত্যু বা গুরুতর আঘাতের কারণ না হয়। তাই সড়কের নকশা, অবকাঠামো ও ব্যবস্থাপনায় পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, পরিবহনমালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেটের মান হালনাগাদ, গতিসীমা কার্যকর করা, দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করা এবং মহাসড়কে নিরাপদ অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
- বিষয় :
- ট্রমা