ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিশুর বমি: কারণ ও করণীয়

শিশুর বমি: কারণ ও করণীয়
×

 অধ্যাপক ডা. মনজুর হোসেন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ০৭:১০

শিশু বিভিন্ন কারণে বমি করতে পারে। বয়সভেদে বমির কারণও ভিন্ন হয়। তাই শিশুর বয়স অনুযায়ী লক্ষণ পর্যবেক্ষণ করা জরুরি।

নবজাতক শিশুর জন্মের পরপরই যদি বমি শুরু হয়, তাহলে খাদ্যনালির জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন। আবার জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর যদি বমি শুরু হয় এবং বমির আগে পেটের ওপরের অংশ ফুলে ওঠে, তবে পাইলোরিক স্টেনোসিস নামক জন্মগত সমস্যার আশঙ্কা থাকতে পারে।

দুধ খাওয়ানোর পরপরই বমি করলে অনেক সময় খাওয়ানোর পদ্ধতিতে সমস্যা থাকতে পারে। তাই মায়েদের খাওয়ানোর সঠিক নিয়ম জানা গুরুত্বপূর্ণ।

তিন মাস থেকে এক বছরের শিশুদের ক্ষেত্রে রোটাভাইরাস সংক্রমণের কারণে বমি হতে পারে। সাধারণত প্রথমে বমি শুরু হয়, পরে পাতলা পায়খানা দেখা দেয়। তীব্র জ্বর, শ্বাসনালির সংক্রমণ বা কাশির সঙ্গেও বমি হতে পারে।

বড় শিশুদের ক্ষেত্রে প্রস্রাবের সংক্রমণ, গলাব্যথা, ঠান্ডা বা শ্বাসকষ্টের কারণেও বমি দেখা দিতে পারে। আবার মাইগ্রেন, সাইনাসের সমস্যা বা মস্তিষ্কের সংক্রমণ থেকেও বমি হতে পারে।

শিশু বমি করলে তাকে পাশ ফিরিয়ে শোয়াতে হবে, যাতে বমি শ্বাসনালিতে ঢুকে না যায়। কিছু সময় পর অল্প অল্প করে পানি বা তরল খাবার দেওয়া যেতে পারে। যদি বমি বন্ধ না হয় বা প্রস্রাব কমে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

লেখক : শিশুরোগ বিশেষজ্ঞ ও সভাপতি, বাংলাদেশ শিশু সংক্রামক ব্যাধি চিকিৎসক সমিতি।

আরও পড়ুন

×