লিভার রোগ মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন: জেনেভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২১:৫৫
লিভার রোগ প্রতিরোধে বাংলাদেশের দৃঢ় অবস্থান ও কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, অসংক্রামক রোগের তালিকায় দীর্ঘদিন ধরে লিভারের রোগগুলো আড়ালে থেকেছে। অথচ বিশ্বজুড়ে লাখো মানুষের অকালমৃত্যুর জন্য দায়ী এই ‘নীরব ঘাতক’ মোকাবিলায় এখনই সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে চলমান ৭৯তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির সাইডলাইনে বিশ্বব্যাপী স্টিয়াটোটিক লিভার ডিজিজ (এসএলডি) বা ফ্যাটি লিভার প্রতিরোধবিষয়ক এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক নীতিনির্ধারণী সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে গ্লোবাল লিভার ইনস্টিটিউট।
সম্মেলনে বিভিন্ন দেশের স্বাস্থ্য খাতের শীর্ষ ব্যক্তিরা একমত হন যে, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে ড. মুহিত বলেন, লিভার রোগ প্রতিরোধে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায় থেকেই আধুনিক রোগ শনাক্তকরণ ব্যবস্থা যুক্ত করা হবে।
তিনি তৃণমূল পর্যায়ে ফ্যাটি লিভার ও অন্যান্য সংক্রামক-অসংক্রামক লিভার রোগ প্রতিরোধে ডিজিটাল স্ক্রিনিং, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কর্মসূচির পরিকল্পনাও তুলে ধরেন।
উচ্চপর্যায়ের এই বৈশ্বিক সংলাপে আরও অংশ নেন সৈয়দ মুস্তফা কামাল, মুহাম্মদ আলী পাটে, ওলেগ সালাগে, শেখ ড. সালমান খলিফা আবদুল্লাহ আল-সাবাহ এবং শেখ ড. মোহাম্মদ বিন হামাদ আল-থানি। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি পি. ক্লুগে, মিসরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার এবং ল্যারি আর. হোল্ডেন।
- বিষয় :
- রোগ
- বাংলাদেশ
- স্বাস্থ্য
- প্রতিমন্ত্রী
