ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কানের উদ্বোধনে ‘দ্য ইলেকট্রিক কিস’, সম্মানসূচক পাম দ’র পেলেন পিটার জ্যাকসন

কানের উদ্বোধনে ‘দ্য ইলেকট্রিক কিস’, সম্মানসূচক পাম দ’র পেলেন পিটার জ্যাকসন
×

উদ্বোধনী চলচ্চিত্র ‘লা ভেনুস ইলেকট্রিক’-এর শিল্পীরা। ছবি কান কর্তৃপক্ষ

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৩:০৯ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৩:১৭

ভূমধ্যসাগরের নীল জলরেখা ছুঁয়ে যখন সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসে, তখন ফ্রান্সের ছোট্ট শহর কান যেন বদলে যায় এক স্বপ্নের নগরীতে। চারপাশে ঝলমলে আলো, লালগালিচায় ক্যামেরার ঝলকানি, দূর থেকে ভেসে আসা করতালির শব্দ–সব মিলিয়ে শুরু হলো বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬।

গতকাল (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পর্দা উঠল বিশ্ব সিনেমার অন্যতম এই মর্যাদাপূর্ণ আসরের। আয়োজনটি চলবে ২৩ মে পর্যন্ত। মোট ১২ দিনের জন্য পৃথিবীর সিনেমাপ্রেমীদের হৃদস্পন্দন এসে থামবে ফরাসি রিভিয়ারার এই শহরে। কানের এই লালগালিচায় মিলিত হবে পৃথিবীর ২২টি দেশের চলচ্চিত্র ও তারকারা। 

গত বছর উৎসবের জুরি সদস্য ছিলেন হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। কান নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘এখানে আলো নিভে গেলে মনে হয় আমি আবার ছোট্ট শিশু হয়ে গেছি। নতুন এক জগতে প্রবেশ করতে যাচ্ছি।’ সেই অনুভূতিরই যেন পুনর্জন্ম হয়েছে এবারের ৭৯তম আসরে।

এবার প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ২২টি চলচ্চিত্র। প্রতিটি সিনেমাই নিজের ভেতরে বহন করছে আলাদা গল্প, সংস্কৃতি। এই সিনেমাগুলোর মধ্য থেকে কোনো একটির হাতে উঠবে উৎসবের সর্বোচ্চ সম্মান পাম দ’র।

 অনারারি পাম দ’র গ্রহণ করেছেন পরিচিালক পিটার জ্যাকসন ।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ফরাসি অভিনেত্রী আই আয়দারা। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে নির্মাতা পিয়ের সালভাদোরির ‘লা ভেন্যুস এলেক্ত্রিক’ (দ্য ইলেকট্রিক কিস)। ১৯২০-এর দশকের প্রেক্ষাপটে নির্মিত এই রোমান্টিক কমেডির গল্প এক শোকাহত চিত্রশিল্পীকে ঘিরে, যিনি ধীরে ধীরে জীবনের প্রতি হারানো ভালোবাসা ফিরে পান। ছবিতে অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস দেমুস্তিয়ে এবং জিল লেলুশ। কানে প্রিমিয়ারের দিনই এটি মুক্তি পেয়েছে ফ্রান্সের প্রেক্ষাগৃহেও।

এবারের কানে বিশেষ সম্মাননার তালিকাও বেশ উজ্জ্বল। ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন পেলেন অনারারি পাম দ’র। উদ্বোধনী দিনে তাই বিশ্ব সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এটি গ্রহণ করলেন তিনি। 
 
সমাপনী আয়োজনে সম্মানিত করা হবে অস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা বারব্রা স্ট্রেইস্যান্ডকে। ছয় দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও সংগীতে তাঁর অসামান্য অবদানকে উদযাপন করবে কান।
উৎসবের অন্যতম আলোচিত প্রত্যাবর্তন রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনৎসেভের। ‘লেভিয়াথান’ ও ‘লাভলেস’-খ্যাত এই নির্মাতা গুরুতর কভিডে আক্রান্ত হয়ে দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন। পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশ ছাড়েন তিনি। ২০১৭ সালের পর এবারই প্রথম তিনি ফিরেছেন নতুন সিনেমা ‘মিনোটর’ নিয়ে।

কানের লাল গালিচায় কানাডীয় অভিনেত্রী মোনিয়া শোকরি।

রাশিয়ার উচ্চবিত্ত সমাজ ও যুদ্ধকালীন সামরিক বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। নির্মাতা স্টিভেন সোডারবার্গ এবার নিয়ে এসেছেন আলোচিত প্রামাণ্যচিত্র ‘জন লেনন: দ্য লাস্ট ইন্টারভিউ’। বিটলস কিংবদন্তি জন লেননের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ধারণ করা অডিও সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রে আর্কাইভ ফুটেজের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর দৃশ্য ব্যবহার করা হয়েছে; যা ইতোমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে।

বরাবরের মতো এবারও কানের লালগালিচা মাতাবেন বিশ্বের বড় বড় তারকারা। স্কারলেট জোহানসন ও অ্যাডাম ড্রাইভার হাজির হচ্ছেন জেমস গ্রে পরিচালিত ‘পেপার টাইগার’-এর প্রচারণায়।
রামি মালেক অংশ নিচ্ছেন ‘দ্য ম্যান আই লাভ’ চলচ্চিত্র নিয়ে, যার পরিচালক আইরা স্যাকস। এ ছাড়া ক্রোয়াজেতে দেখা যাবে হাভিয়ের বারদেম, রেনাতে রেইন্সভে, ক্রিস্টেন স্টুয়ার্ট এবং উডি হ্যারেলসনকেও। তবে উদ্বোধনী দিনে বলিউড কোনো তারকাকে দেখা না গেলেও  উৎসবে অংশ নিচ্ছেন বলিউডের একাধিক তারকা ও নির্মাতা। এই তালিকায় থাকছেন আলিয়া ভাট, ঐশ্বরিয়া রাই, তারা সুতারিয়া, মৌনী রায় ও জ্যাকুলিন ফার্নান্দেজ। করণ জোহর ও পরিচালক আশুতোষ গোয়ারিকর।

আরও পড়ুন

×