হাউস অব দ্য ড্রাগন-৩
ক্ষমতার দ্বন্দ্ব-ভয়ংকর সংঘর্ষের আভাস
‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজনের পোস্টার। ছবি: রেডিট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৯:১৪
ড্রাগনের আগুনে আবারও জ্বলতে যাচ্ছে ওয়েস্টেরস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’। নতুন সিজনকে ঘিরে দর্শকদের উত্তেজনা যখন তুঙ্গে, তখনই তৃতীয় সিজনের চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে এইচবিও। ট্রেলারে মিলেছে রক্তক্ষয়ী যুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব আর আকাশজুড়ে ড্রাগনদের ভয়ংকর সংঘর্ষের আভাস।
২০২২ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয় সিজনের সাফল্যের পর এবার আসছে সিরিজটির তৃতীয় অধ্যায়। আগামী ২১ জুন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে শুরু হবে নতুন সিজনের সম্প্রচার। প্রতি রোববার প্রচারিত হবে একটি করে পর্ব। মোট ৮ পর্বের এই সিজনের সমাপ্তি ঘটবে ৯ আগস্ট।
‘গেম অব থ্রোনস’-এর প্রায় ২০০ বছর আগের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত ‘হাউস অব দ্য ড্রাগন’। নতুন ট্রেলারে টারগেরিয়ান গৃহযুদ্ধের এমন এক ভয়াবহ রূপ দেখানো হয়েছে, যা আগের দুই সিজনের সংঘাতকেও ছাপিয়ে যেতে পারে। বিশেষ করে সমুদ্র ও আকাশজুড়ে ড্রাগনদের যুদ্ধের দৃশ্য ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বাজেট ও নির্মাণগত সীমাবদ্ধতার কারণে দ্বিতীয় সিজনের শেষ ভাগে যে ঐতিহাসিক যুদ্ধ দেখানো সম্ভব হয়নি, সেই বহুল আলোচিত ‘ব্যাটল অব দ্য গুলেট’ দিয়েই শুরু হবে তৃতীয় সিজন।
জর্জ আর. আর. মার্টিনের ‘ফায়ার অ্যান্ড ব্লাড’ উপন্যাসের অন্যতম রক্তক্ষয়ী এই যুদ্ধকে সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলিকে শো-রানার রায়ান কোন্ডাল বলেন, ‘ব্যাটল অব দ্য গুলেট’ ছাড়া হাউস অব দ্য ড্রাগনের গল্প সম্পূর্ণ হয় না। এই পর্বটি পর্দায় তুলে আনতে আমাদের চার বছর সময় লেগেছে। সম্ভবত এটি টেলিভিশন ইতিহাসের সবচেয়ে উন্মাদনাপূর্ণ পর্বগুলোর একটি হতে যাচ্ছে।’
নতুন সিজনে অভিনয় করেছেন ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসেন্ট, রিস ইফান্স, ফ্যাবিয়েন ফ্রাঙ্কেল এবং ইউয়ান মিচেলসহ আরও অনেকে।
এদিকে এইচবিওর প্রধান ক্যাসি ব্লয়েস জানিয়েছেন, সিরিজটির চতুর্থ সিজনের কাজও শুরু হয়ে গেছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, টারগেরিয়ান বংশের উত্থান-পতনের পুরো কাহিনি চারটি সিজনের মধ্যেই শেষ করা হবে। ফলে আসন্ন তৃতীয় সিজন শুধু নতুন যুদ্ধের সূচনাই নয়; বরং সিরিজটির চূড়ান্ত পরিণতির দিকেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
