দ. আফ্রিকায় বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩০৬
ছবি: সিএনএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২ | ০৭:৪৪ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ | ০৭:৪৪
দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ভারি বৃষ্টিপাতে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৩০৬ জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশের কোঅপারেটিভ গভর্নেন্স বিভাগ এক বিবৃতিতে বলেছে, মৃত্যু সংখ্যা ৩০৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবারের ওই ধ্বংসযজ্ঞের পর বুধবার দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোয়াজুলু-নাটালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন। তিনি চার সন্তান হারানো এক পরিবারসহ প্রিয়জন হারানো অনেক পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা ও সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর রয়টার্সের
প্রেসিডেন্ট বলেন, আপনারা একা নন, আমরা আপনাদের পাশে আছি। আমাদের পক্ষে যা যা করা সম্ভব সব করবো আমরা।
কিছু এলাকায় বিদ্যুৎ, পানি সরবরাহ ফের সচল হয়েছে এবং আবর্জনা অপসারণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কোঅপারেটিভ গভর্নেন্স বিভাগ।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রামাফোসা বলেন, আমাদের দেখা অন্যতম বড় দুর্যোগের মোকাবিলা করছেন আপনারা। এতদিন আমরা ভাবতাম, এসব ঘটনা মোজাম্বিক বা জিম্বাবুয়ের মতো অন্য দেশগুলোতেই শুধু ঘটে।
দক্ষিণ আফ্রিকার উত্তরের প্রতিবেশী মোজাম্বিক গত দশকে একের পর এক প্রলয়ঙ্করী বন্যার শিকার হয়েছে। গত মাসেও দেশটিতে বন্যা, ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
রামাফোসার জলবায়ু কমিশনের একজন কমিশনার এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল রাইটসের প্রধান মেলিসা ফৌরি রয়টার্সকে বলেন, এগুলোর কোনোটাই আশ্চর্যজনক না, কিন্তু পুরোপুরি ধ্বংসাত্মক। কত মানুষ প্রাণ হারিয়েছে, ভাবতে পারেন? রাস্তা, বন্দর… ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
- বিষয় :
- দক্ষিণ আফ্রিকা
- ভারি বৃষ্টিপাত
- মৃত্যু
- বন্যা
- ভূমিধস