কোয়ানসার কার্ড বাতিলে শিষ্যকে ‘লবিস্ট’ হতে বললেন টুখেল
যে ফাউলের কারণে লাল কার্ড দেখেছেন কোয়ানসা। ছবি: দি সান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২২:১২ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ২২:৫৬
বসনিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে ইংল্যান্ডের তারকা ফুটবলার ফোলারিন বালোগান লাল কার্ড দেখেছিলেন। কিন্তু বিশ্বকাপের আয়োজন দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে অনুরোধে ফিফা ওই লাল কার্ড প্রত্যাহার করেছে। যার অর্থ বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টায় বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন তিনি।
যদিও ফিফার ওই সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক চলছে। বেলজিয়াম আইনি লড়াইয়ের পদক্ষেপ নিয়েছে। ফিফার একহাত নিয়েছেন অনেকে। এবার ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেল ঠাট্টার সুরে ফিফার সমালোচনা করেছেন। মেক্সিকোর বিপক্ষে ডিফেন্ডার জারেল কোয়ানসার লাল কার্ড প্রত্যাহারে ‘লবিস্ট’ নিয়োগ দিয়েছেন তিনি।
ট্রাম্প ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইনের প্রশংসা করেছেন। ট্রুথ সোস্যালে তাকে অসাধারণ ফুটবলার আখ্যা দিয়েছেন। বিষয়টি নিয়ে মজা করে টুখেল বলেছেন, ‘হ্যারি কেইন এখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একটু লবিং করে দেখতে পারে। এটা আমাদের জন্য (কার্ড বাতিল করা যায় কিনা) একটা ভালো বিষয় হতে পারে।’
এরপর বালোগানের লাল কার্ড প্রত্যাহার নিয়ে কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তোলা টুখেল, ‘প্রথমেই বলি, বালোগানের ঘটনা লাল কার্ড হয় না। তবে তিন রেফারি ভিএআরে চেক করে তো সিদ্ধান্তটা নিয়েছে। এখন কে এবং কিসের ভিত্তিতে এটা বাতিল করছে? এভাবে কতক্ষণ চলবে? অদ্ভূত। এখন সবার ক্ষেত্রে তাহলে সিদ্ধান্ত বদলাতে হয়!’
টুখেলের মতে, ম্যাচের শুরুতে ইংল্যান্ডের মিডফিল্ডার ডেক্লান রাইসের হলুদ কার্ডটা যৌক্তিক ছিল না। প্যারাগুয়ের বিপক্ষে মাইকেল ওলিসকে হলুদ কার্ড দেওয়ার কোন মানে নেই। এর শেষ হবে কোথায়? আমি ভাই, নিয়ম বুঝি না। এটা নিয়ে আমাকে প্রশ্ন না করাই ভালো। আমি শুধু দেখে যেতে চাই, সামনে কী হয়। এখন অযৌক্তিক কার্ড পাওয়া নিয়ে আমরা কী আপিল করবো?’
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে ইংল্যান্ডের ডিফেন্ডার কোয়ানসা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ম্যাচে তখন ইংল্যান্ড ২-১ গোলে এগিয়ে। ১০ জনের দল নিয়ে পরেই (৬০ মিনিটে) ৩-১ গোলের লিড তুলে নেয় ইংলিশরা। তবে ৬৯ মিনিটে ব্যবধান ৩-২ করে ম্যাচে ফেরে স্বাগতিক মেক্সিকো। আসতেকা স্টেডিয়ামে পরের সময়টা দুর্দান্ত খেলে মেক্সিকোকে আটকে রাখেন বেলিংগাম-রাইসরা। যার সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬